দূরের পাঠশালায় বিপাশা

ছবি আঁকা, আবৃত্তি আর গান শোনা—এসব নিয়েই মেতে থাকেন দিদিমণি। পড়ান গ্রামের শিক্ষার্থীদেরও। গ্রামের সবার কাছে তিনি দিদিমনি নামেই পরিচিত। তাঁর যুদ্ধটা শুরু হয় ভাষা নিয়ে। দিদিমণির বাংলা ভাষায় পরিচালিত স্কুলটি হঠাৎ করেই ইংরেজি মাধ্যম করার জন্য উঠেপড়ে লেগে যান মাতব্বর। এই নিয়ে গল্প। নাটকটির নাম দূরের পাঠশালা।
বিপাশা হায়াত বলেন, ‘গত ঈদের পর আর কাজ করা হয়নি। বলা যায় তিন-চার মাস পর কাজ করছি। ভালো গল্প পেলে আমার কাজ করতে আপত্তি নেই। মাহমুদ দিদারের গল্পটা শুনে কাজ করার আগ্রহ হয়েছে।’
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রচারিত হবে এনটিভিতে। আর এই দিদিমণির চরিত্রে কাজ করছেন বিপাশা হায়াত। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার পাশেই বিরুলিয়ায় শুটিং শুরু করব। সবকিছু ঠিক থাকলে অনেক ভালো একটা কাজ হবে।’
বিপাশা হায়াত সবশেেষ অভিনয় করেছিলেন গোলাম সোহরাব দোদুলের আজমেরিনামা নাটকে।