দেশ টিভি

টাকা
দেশ টিভিতে ঈদের তৃতীয় দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক টাকা। লিখেছেন অনিমেষ আইচ। পরিচালনা করেছেন সামিয়া আফরীন। অভিনয় করেছেন তারিন, লুৎফর রহমান জর্জ প্রমুখ।
রাহেলা একটা বাড়ির চিলেকোঠায় থাকে। স্বামী পরিত্যক্ত রাহেলা তিন বাচ্চা নিয়ে খুবই মুশকিলে আছে। তার ওপর বড় ছেলেটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। রাহেলার বাড়ির পাশেই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এই ভবনের ১০ তলায় থাকে এমদাদ সাহেব। ট্যাক্স কমিশনার। অবৈধ পথে বিপুল অর্থের মালিক হয়েছেন। একদিন পুলিশ হানা দেয় তার বাসায়। এমদাদ সাহেব টাকার একটা ব্যাগ জানালা দিয়ে ছুড়ে ফেলে দেয়। ব্যাগটা এসে পড়ে রাহেলার চিলেকোঠায়। রাহেলা একসঙ্গে এত টাকা দেখে কিংকর্তব্যবিমূঢ়। সে এই টাকা গ্রহণ করতে পারে না। কারণ, তার বিবেক তাকে বাধা দেয়। সে এই টাকা থানায় জমা দেয়।
সোনার ডিম
দেশ টিভিতে ঈদের দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক সোনার ডিম। লিখেছেন ও পরিচালনা করেছেন তুহিন রাসেল। অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা, কাজী উজ্জ্বল, মোহিনী মৌ।
ঢেঁকি মো. হাশেমের বিশ্বাস, সেও একদিন ধনী হবে। তাই বাড়ির উঠানে বসে তার প্রিয় হাঁসকে আদরযত্ন করে। সে ভাবে, হাঁস তাকে সোনার ডিম দেবে। একদিন ভোরবেলা হাশেম তার হাঁসের খোঁয়াড়ে গিয়ে দেখে, তার হাঁস সত্যি সত্যি সোনার ডিম পেড়েছে। সে ধনী হয়ে যায়। তার আচরণ পাল্টে যায়। গ্রামের সবার নজরে পড়ে সে। পুলিশ আসে তার কাছে। জানতে চায় টাকার উৎস। হাশেম কিছুই বলে না।

সুরঙ্গ
দেশ টিভিতে ঈদের পরদিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক সুরঙ্গ। লিখেছেন বদরুল আনাম সৌদ। পরিচালনা করেছেন রাইজুল ইসলাম। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, আবদুল্লাহ রানা, বন্যা মির্জা, শাহাদাত, অর্নিলা গুহ, নাজিবা বাসার প্রমুখ। জহিরকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরে তানিয়া। সবাই তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে। কিছুই বলেনি তানিয়া, শুধু শুনে গেছে। স্বামীর সেবায় লেগে যায়। এদিকে বিরক্তি ও রাগ প্রকাশ করে জহির। রুম থেকে বের হয়ে যায় তানিয়া। জহির একটু পরেই ডাকে তানিয়াকে। আসে না তানিয়া। জহির আবারও তানিয়াকে ডাকে। কিন্তু কেউই আসে না।
আবার হাওয়া বদল
দেশ টিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত নয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক আবার হাওয়া বদল। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন তিশা, সাজু খাদেম, অ্যালেন শুভ্র, ইশিকা, কচি খন্দকার, প্রিয়তা প্রমুখ।
স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে নিশা আর মিশু একটি রিসোর্টে ওঠে। এই রিসোর্টে আছে আরও দুই দম্পতি। রিসোর্টে আসা তিন দম্পতির নানা মজার ঘটনা নিয়ে এগিয়ে যায় গল্প।