দেশ টিভি

সানগ্লাস ও একটি যুবক
দেশটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক সানগ্লাস ও একটি যুবক। এটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এতে অভিনয় করেছেন নিশো, মৌসুমী হামিদ প্রমুখ। কুড়িয়ে পাওয়া সানগ্লাসের অলৌকিক ক্ষমতা আবিষ্কারের পর সিরাজ সাহেবের সাদামাটা জীবনটা রোমাঞ্চে ভরে ওঠে। সানগ্লাসটা পার্কের বেঞ্চে কুড়িয়ে পায় সিরাজ সাহেব। পার্কের সব লোকদের জিজ্ঞেস করে সিরাজ সাহেব সানগ্লাসটির মালিককে খুঁজে পায়নি। শেষ পর্যন্ত সানগ্লাসটি চোখে দিয়ে বাড়ির পথে রওনা হয়। আর তখনই সিরাজ সাহেব আবিষ্কার করে সানগ্লাসটির আলৌকিক ক্ষমতা।
জুনিয়র আর্টিস্ট
দেশটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক জুনিয়র আর্টিস্ট। গোলাম সোহরাব দোদুলের চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, অর্ষা, শাহাদাত প্রমুখ। জুনিয়র আর্টিস্ট হিসেবে মিডিয়াতে যাত্রা করেছিল রফিক। সে প্রায় এক বছর আগের কথা। সেই থেকে এখন পর্যন্ত রফিকের স্বপ্ন সিনিয়র আর্টিস্ট হওয়ার। নাটকের গল্পটি শুরু হয় রফিকের স্মৃতিচারণা থেকে। যেখানে রফিক তার পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে কাজের সুযোগ পাওয়ার ঘটনা বর্ণনা শুরু করে।
গল্পটা অতি সাধারণ
দেশটিভিতে ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক গল্পটা অতি সাধারণ। পান্থ শাহরিয়ারের রচনায় ও সাইফ আহমেদের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, প্রভা, আব্দুল্লাহ রানা প্রমুখ। রানু আর রাশেদের পরিচয় একটা ইন্টারভিউ বোর্ডে। দুজনেই ইন্টারভিউ দিতে গিয়েছিল সেখানে। কিন্তু চাকরিটা পাবে যেকোনো একজন। দুজন দুজনের সঙ্গে কথা বলে বুঝতে পারে, আসলে চাকরিটা দুজনেরই খুব প্রয়োজন। একদিন রাশেদের বাসায় গিয়ে হাজির হয় রানু। সে রাশেদকে বলে, সে ভীষণ বিপদে পড়েছে, তাকে আজকেই বিয়ে করতে হবে। কিছু না ভেবে রাশেদ রানুকে বিয়ে করে ফেলে।
শেষের অধ্যায়
দেশটিভির সাত দিনের ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিনই সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক শেষের অধ্যায়। সাইফ চন্দনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, প্রভা, তানভীর, আইরিন, পিয়া বিপাশা, মিজান প্রমুখ। হাট্টিমা টিম টিম নামে একটা ট্যুরের আয়োজন করে একদল ছেলেমেয়ে। সবাই মিলে তাঁরা কক্সবাজারে যায়। সেই একদল ছেলেমেয়ের মধ্যে ফাল্গুনী আর রাহুলও আছে। তারা একই হোটেলের আলাদা আলাদা রুমে ওঠে। রাহুল-ফাল্গুনীকে ভালোবাসতে শুরু করে। কিন্তু হঠাৎ পরদিন সকালে দেখা যায় ফাল্গুনী মেয়েটা আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে লিখেছে একটা সুইসাইড নোট। সেখানে একটা ছোট গল্প লেখা।