দেশ টিভির নবম বর্ষে যাত্রা

প্রচারের আট বছর শেষে নবম বর্ষে পা রাখছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘দেশ টিভি’। আট বছর আগে স্বাধীনতা দিবসে প্রচারে এসেছিল টেলিভিশন চ্যানেলটি।
নবম বর্ষে পা দেওয়া উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল কর্তৃপক্ষ। স্বাধীনতা দিবস ও অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে টিভি কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসবেন বিভিন্ন অঙ্গনের তারকারা। সেই সঙ্গে দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠান প্রচার করবে চ্যানেলটি।
সকাল ১১টা থেকে শুরু হবে দেশ উৎসবের প্রথম পর্ব। এতে গান, কবিতা আর বিভিন্ন স্মৃতিচারণে অংশ নেবেন অদিতি মার্কিন, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ইয়াসমিন মুশতারী, জহিরুল হক, খুরশিদ আলম, রুমানা ইসলাম, কিরণ চন্দ্র রায়, হাসান আরিফ, আতিক হাসান, মৌটুসী পার্থ, তানিয়া নাহিদ, দিঠি আনোয়ারা, অনিমা মুক্তি গোমেজ, আবু বকর সিদ্দিকী প্রমুখ।
বিজ্ঞাপনবিহীন এই লাইভ মিউজিক্যালের পর বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে মুক্তিযুদ্ধের অন্যতম স্লোগানগুলোর উৎপত্তি ও ইতিহাস নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘স্লোগান’।
দেশ উৎসবের দ্বিতীয় পর্বে রাতে গান গাইবে জনপ্রিয় ব্যান্ড মাইলস্। তানিয়া হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত সরাসরি প্রচারিত হবে।