দেশি নাটক দেখা না-দেখা
>টেলিভিশন নাটকের দর্শকপ্রিয়তা ফিরিয়ে আনতে কী করা যায়, এ নিয়ে কথা বলেছেন দেশের কয়েকজন অভিনয়শিল্পী। যাঁরা অভিনয় শিল্পী সংঘের নেতা। তাঁরা জানিয়েছেন নিজেদের ব্যক্তিগত ভাবনা। তাঁদের সঙ্গে কথা হয় গত সোমবার প্রথম আলো কার্যালয়ে
শহীদুল আলম সাচ্চু

সুলিখিত চিত্রনাট্য ও পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে নাটক নির্মাণ করতে হবে। নাটকের শুটিংয়ের আগে একসময় মহড়া হতো। কিন্তু এখন হয় না। এসব কারণে দর্শকেরা নাটক দেখছেন না। আমি মনে করি, এ জন্য দর্শকের কোনো দোষ নেই। আমরা যদি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে নাটক বানাতে পারি, তাহলে অবশ্যই দর্শক দেখবেন। এ জন্য নাটকের বাজেট বাড়ানোর ব্যাপারটি মাথায় রাখতে হবে।
আজাদ আবুল কালাম

এখন টিভি নাটকের মূল সমস্যা নির্মাণ খরচ ও মানের সমন্বয় করতে গিয়ে অধঃপতিত শিল্পমান। নাটকের আড়ালে বিজ্ঞাপন প্রচারের মাধ্যম হওয়ায় দর্শকবিমুখিনতা। এ ছাড়া চ্যানেল, নির্মাণ, প্রচারের সমন্বয়হীনতা এবং সরকারি নজরদারি বা অভিভাবকত্বের ঘাটতি। সর্বক্ষেত্রে অপেশাদারি মনোভাব। যা শুধুই যেন টাকা উপার্জনের নিমিত্ত।
আহসান হাবিব নাসিম

ভালো নাটক যেমন হচ্ছে, খারাপ নাটকও হচ্ছে। চ্যানেল বেড়েছে অনেক। এখনকার নাটকের দর্শক ধরে রাখতে না পারার প্রধান কারণ অনিয়ন্ত্রিত বিজ্ঞাপন। বিজ্ঞাপনচিত্র প্রচারের কোনো নীতিমালা নেই, যে যখন যেভাবে খুশি সেভাবে বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে। এ কারণে দর্শক ধরে রাখতে পারছে না। দর্শকেরা সুযোগ পেলেই অন্য চ্যানেলে শিফট হয়ে যাচ্ছেন। আমাদের দেশের নাটকের গল্প, নির্মাণ এখনো ভালো হচ্ছে বলে মনে করছি। শুধু প্রচারের সময় সেটা ঠিক থাকে না। আগে যেমন নাটকের প্রচারের সময় ঠিক থাকত, সেই সঙ্গে নাটকের প্রত্যেক চরিত্রও থাকত স্পষ্ট। এখন তো চরিত্রের সঙ্গে দূরের কথা, দর্শক গল্পই ঠিকমতো মনে রাখতে পারছেন না।
রওনক হাসান

মানুষ নাটক দেখেন না, এটা আমি বিশ্বাস করি না। আমাকে কোনো বিজ্ঞাপনচিত্রে দেখা যায়নি, আমি ক্রিকেটার না, ফুটবলার না, গায়কও না; আমি কেউই না—আমাকে শুধু অভিনয়েই দেখা গেছে। গত সপ্তাহে আমার যে নাটক প্রচারিত হয়েছে, আজও (সোমবার) তার প্রতিক্রিয়া পেয়েছি। সে জায়গা থেকে আমি নিশ্চিত বলতে পারি, মানুষ নাটক দেখেন। এটা ঠিক যে মাত্রা কমে গেছে। নাটক দেখার মাধ্যমও বদলে গেছে। শুধু টেলিভিশনে নয়, দর্শক ইউটিউবেও এখন নাটক দেখছেন। ভালো নাটক হচ্ছে না, কথাটি একদম ঠিক নয়। সামগ্রিকভাবে সবকিছুর মধ্যে একটা সমন্বয়হীনতা বিরাজমান।
লুৎফর রহমান জর্জ

একটা সময় নাটকের প্রতি মানুষের আগ্রহ ছিল। নিয়মতান্ত্রিকতার মধ্যে ছিল। এখন অনেকখানেই সেটা নেই। বড় সমস্যা বাজেট। বাজেট নেই বলে ভালো চিত্রনাট্য পাওয়া যায় না। অল্প বাজেটের জন্য অনেক সময় কাজে সমস্যা হয়। আমরা যে ধরনের কাজ করে আনন্দ পাব এবং দর্শক আনন্দ পাবেন, সে ধরনের গল্প আমরা পাই না। আর গল্প পেলেও বাজেটের কারণে কাজটা ঠিকমতো করতে পারি না। কিন্তু আমাদের চেষ্টা আছে। আমরা সেরা কাজটা করতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাই।