দেশে এসারের শুভেচ্ছাদূত হচ্ছেন মিম

ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এসার’-এর বাংলাদেশের শুভেচ্ছাদূত হতে যাচ্ছেন লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে মিমের সঙ্গে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এতে মিম ও প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন।
২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে নিয়মিত হন মিম। দীর্ঘ নয় বছরে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। কিন্তু মিম জানিয়েছেন, এবারই প্রথম কোনো পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে যাচ্ছেন।
আজ সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে মিম বলেন, ‘নিঃসন্দেহে বিষয়টি অনেক বেশি আনন্দের। কারণ, ‘এসার’ প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ড। আর প্রতিষ্ঠিত কোনো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে পারার আনন্দটাও থাকে বেশি।’
এসার ব্র্যান্ডের সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন মিম। এই সময়টাতে পণ্যটির টিভি বিজ্ঞাপনচিত্র ও স্থিরচিত্রে মডেল হিসেবে কাজ করবেন তিনি। এ ছাড়া পণ্যের প্রচারের ক্ষেত্রে আরও নানা কর্মসূচিতে অংশ নিতে হবে বলেও জানান মিম।
এদিকে কাল শুক্রবার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত নতুন চলচ্চিত্র ‘সুইটহার্ট’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিতে মিম অভিনয় করেছেন রিয়াজ ও বাপ্পীর বিপরীতে। ‘সুইটহার্ট’ ছবির সাফল্য নিয়ে আশাবাদী মিম। তিনি বলেন, রোমান্টিক গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে। তবে এটি শতভাগ মৌলিক গল্পের ছবিও বলা যেতে পারে। ছবিটি দেখলে সবার ভালো লাগবেই।’