দেড় বছর পর বিয়ের খবর!

শুরু থেকে নানা কারণে আলোচিত মডেল ও অভিনেত্রী তিন্নি। মাঝে অনেকটা সময় তিনি ছিলেন আলোচনার বাইরে। কিছুদিন আগে ফিরেছেন অভিনয়ে। এখন বিয়ের খবর দিয়ে আবারও খবরে উঠে এলেন এই অভিনেত্রী।
বরের নাম আদনান হুদা। গতকাল বৃহস্পতিবার ফেসবুকে তিন্নি বিয়ের বিষয়টি নিয়ে একটা পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘আই গট ম্যােরড। অ্যান্ড হ্যাপিলি ম্যােরড টু মাই লাভ মিস্টার আদনান হুদা সাদ।’
তিন্নি প্রথম আলোকে বলেন, ‘বিয়েটা আমি ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি করেছি। এটা ছিল পুরোপুরি পরিবারের অমতে। আমার পরিবারও বিয়ের ব্যাপারটি মানতে রাজি ছিল না। তাই এ নিয়ে খুব একটা কথা বলতে চাইনি।’
এখন কি পরিবার তাহলে বিয়ে মেনে নিয়েছে? এই প্রশ্নের জবাবে তিন্নি বলেন, ‘এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে বিয়ের বিষয়টা। তাই ব্যাপারটি আর গোপন রাখতে চাইলাম না।’
দুজনের পরিচয় কীভাবে হয়েছিল, জানতে চাইলে তিন্নি বলেন, ‘২০১৩ সালে বন্ধুমহল থেকেই সাদের সঙ্গে আমার পরিচয়। এরপর থেকে আমাদের নিয়মিত দেখা হতো।’ স্ত্রী তিন্নিকে নিয়ে সাদ বললেন, ‘তিন্নিকে ভালো লাগত। একটা সময় ভালোবাসতে শুরু করি। এখন সে আমার জীবনসঙ্গী। খুবই ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, তিন্নির সঙ্গে এর আগে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের বিয়ে হয়েছিল। তাঁদের বিবাহবিচ্ছেদের পর থেকে তিন্নি তাঁর মেয়ে ওয়ারিসাকে নিয়েই ছিলেন।