দ্বিতীয় কিস্তিতেও তাঁরা দুজন

এ বছর ভালোবাসা দিবসে আরটিভিতে দেখানো হয়েছিল নাটক তোমায় ভেবে লেখা। নাটকটি দর্শকদের পাঠানো গল্প থেকে বাছাই করা হয়। এতে অভিনয় করেছিলেন তাহসান ও তিশা। এবার সেই নাটকটিরই দ্বিতীয় কিস্তি তৈরি হচ্ছে। এর নাম কিছু ভুল, কিছু অভিমান। এতেও অভিনয় করেছেন তাহসান ও তিশা।
কিছু ভুল, কিছু অভিমান নাটকটির গল্প লিখেছেন সাদিয়া আফরোজ। এর চিত্রনাট্যকার ও পরিচালক ইমরাউল রাফাত। পরিচালক জানালেন, নাটকটির চরিত্রের ধারাবাহিকতা ঠিক থাকলেও এ পর্বে দেখা যাবে নতুন গল্প। আগের কিস্তির মতো এবারও তাহসান একজন সংগীতশিল্পীর চরিত্রেই অভিনয় করছেন, অন্যদিকে তাহসানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিশা। তিনি একজন লেখক। গল্পটি মানসিক সংকট নিয়ে—যেখানে দুজন সৃজনশীল মানুষের ব্যস্ততা ও তাদের ভালোবাসাকে তুলে ধরা হয়েছে। বর্তমান সময়ের কথা ভেবেই গল্পটি তৈরি করা।
নাটকটি নিয়ে তাহসান বলেন, ‘গত ভালোবাসা দিবসে প্রচার হয়েছিল এই নাটকটির প্রথম কিস্তি। সেখানে আমি একজন সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করি। এবারের পর্বে শিল্পীর বিয়ের পর তাঁর দাম্পত্য জীবনের টানাপোড়েন তুলে ধরা হয়েছে।’
তাহসান ও তিশা অভিনীত এ নাটক পয়লা বৈশাখে আরটিভির বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে। নাটকে আরও অভিনয় করেছেন আইরিন আফরোজ।