ধারাবাহিক নিয়ে নিশো যা বললেন

সাম্প্রতিক ধারাবাহিক নাটক প্রসঙ্গে খানিকটা হতাশাই ব্যক্ত করেছেন অভিনেতা আফরান নিশো। দিনকয়েক আগে প্রথম আলোকে এক সাক্ষাৎকারে নিশো বলেন, এই সময়ের অনেক ধারাবাহিকেরই কোনো ধারাবাহিকতা থাকে না।
নিশো জানিয়েছেন, খুব আয়োজন করে শুরু হলেও পরবর্তীতে তা আর বজায় থাকে না। যে কারণে ধারাবাহিকগুলো ঝুলে যায় বলে মন্তব্য করেন এ অভিনেতা। তিনি আরও বলেন, অবশ্য এটা সব ধারাবাহিকের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
কথা প্রসঙ্গে নিশো বলেন, ‘ধারাবাহিকের নাট্যকার যখন গল্প বা নাটকটা লেখেন তখন একটা স্বপ্ন থেকেই লেখেন। পরিচালকরা যখন শুরু করেন তখনো একটা স্বপ্ন নিয়েই শুরু করেন, আর অভিনয়শিল্পীরাও স্বপ্ন নিয়েই যুক্ত হন। সবাই সেখানে স্বপ্নবাজ। কিন্তু প্রযোজকের ইচ্ছাতেই হোক আর অন্য কোনো কারণেই হোক তার আর কোনো ধারাবাহিকতা বজায় থাকে না। ফলে ধারাবাহিকটির ‘কোয়ালিটি’ ফল করে।’
নিশো বলেন, তখন ভালো অভিনয়শিল্পীদের দিয়েও গল্প আর টেনে নেওয়া সম্ভব হয় না। এমনও হয় মাঝে ভালো মানের অভিনয়শিল্পীদের নিয়ে ধারাবাহিকটি শুরু হলেও পরে তাদের আর দেখা যায় না। কোনোভাবে ১৩ পর্ব পর্যন্ত হয়তো তারা টেনে নিয়ে যান। কোনোভাবে করা হয় তাদের নিয়ে। পরে আর তাদের দেখা যায় না। আবার হয়তো শেষ দিকে তাদের আনা হয়।’
ধারাবাহিক নাটকগুলো দর্শক দেখছেন কিনা সে প্রসঙ্গে বলেন, ‘দেখার মতো হলে অবশ্যই দর্শক দেখেন। না হলে দর্শক মুখ ফিরিয়ে নেন। দর্শক এখন অনেক সচেতন।’
নাটকের সংলাপ নিয়েও কথা বলেন এ অভিনেতা। ‘আমাদের সংলাপের গভীরতা কমে গেছে। সেই গভীরতা বা ডেপথ না থাকলে কাউকে ভাবায় না। যদি সঠিক জায়গায় সঠিক সংলাপটা দেওয়া যায়। অভিনয়শিল্পী যদি সে অনুযায়ী হন। সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে দর্শক নাটক দেখবেই।’
নিজের অভিনয় প্রসঙ্গে বলেন, ‘আমি অনেক নাটকেই দারুণ ফিডব্যাক পাই। অনেকগুলি নিয়ে আমার ভক্তরা মন্তব্য দেন। এটা আমার খুব ভালো লাগে। চেষ্টা করি সবকিছু মেইনটেন করে অভিনয় করতে।’