নওশীন-হিল্লোলের অনলাইনে সাইন আপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওশীন-হিল্লোল
নওশীন-হিল্লোল

বন্ধুদের সঙ্গে নিয়ে অভিনয়শিল্পী নওশীন ও হিল্লোল সম্প্রতি চালু করেছেন একটি অনলাইন পোর্টাল। থার্ড বেল ডটকম নামের এই পোর্টাল যাত্রা শুরু করছে আগামীকাল থেকে। উদ্বোধনী চমক হিসেবে থাকছে আস্ত একটা মেগা সিরিয়াল। এর মধ্য দিয়ে টেলিভিশনে নয়, এই প্রথম অনলাইনে কোনো নতুন ধারাবাহিক নাটক প্রচার হতে যাচ্ছে।
ধারাবাহিকটির নাম সাইন আপ। নাটকটি লিখেছেন শারমিন হায়াত আর পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ। নওশীনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেবিন ব্যাগ এন্টারটেইনমেন্ট’ থেকে নাটকটি নির্মাণ করা হয়েছে।

সাইন আপ নাটকের দৃশ্য
সাইন আপ নাটকের দৃশ্য


গতকাল সন্ধ্যায় থার্ডবেল এন্টারটেইনমেন্ট লিমিটেডের অফিসে এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, ধারাবাহিকটি সরাসরি অনলাইনে প্রচারের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। থার্ডবেল এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা হিল্লোল বলেন, ‘ধারাবাহিকটি হবে ১০০ পর্বের। ইতিমধ্যে ৩০ পর্বের কাজ শেষ হয়েছে। প্রতি বৃহস্পতিবার পাঁচ পর্ব করে আপলোড করা হবে। দর্শকেরা আমাদের এই পোর্টালে গিয়েই বিনা পয়সায় নাটকটি উপভোগ করতে পারবেন। তবে বিনা পয়সায় দেখার বিষয়টি আপাতত এক বছরের জন্য করা হচ্ছে।’
হিল্লোল জানান, ভবিষ্যতে অনলাইনের জন্য নাটকের পাশাপাশি চলচ্চিত্রও নির্মাণ করা হবে। এ ছাড়া সংগীত, খেলাধুলা ও লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠানও থাকবে। আগামী ঈদের সময় পোর্টালটিতে ঈদের তিন দিনের অনুষ্ঠানমালার জন্য তিনটি এক ঘণ্টার নাটক নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সাইন আপ নাটকের প্রযোজনা প্রতিষ্ঠান কেবিন ব্যাগের স্বত্বাধিকারী নওশীন বলেন, ‘ইন্টারনেট থেকে ডাউনলোড করা নাটক ইউটিউবে খুবই জনপ্রিয়। প্রচুর দর্শক ইউটিউবে নাটক দেখেন। দর্শকের চাহিদা প্রচুর। এসব কথা মাথায় রেখেই আমরা অনলাইনের জন্য নাটক নির্মাণ করছি। নাটকটি প্রচারের সময় কোনো বিজ্ঞাপন বিরতি থাকবে না।’
সাইন আপ নাটকটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, টয়া, ঈশিকা খান প্রমুখ।