নজরুলের 'শিল্পী' মৌটুসি

১১ জ্যৈষ্ঠ দোরগোড়ায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তাই চ্যানেলে চ্যানেলে নানা আয়োজনের পরিকল্পনা চলছে। তারই একটি শিল্পী নাটক। এ নাটকে একটি-দুটি নয়, একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করছেন মৌটুসি বিশ্বাস। নাটকটি পরিচালনা করছেন কাওনাইন সৌরভ। পরিচালক জানান, নজরুল ইসলামের লেখা শিল্পী নাটকের প্রধান দুই চরিত্রের নাম ‘লাইলি’ ও ‘চিত্রা’। এ দুটি চরিত্রে অভিনয় করছেন মৌটুসি। সেই সঙ্গে পরিচালক বলেন, ‘আমরা নাটকের প্রয়োজনে ফাতেমা নামে একটি চরিত্র যোগ করেছি। তাতেও থাকছেন মৌটুসি বিশ্বাস। এতে সিরাজ চরিত্রে অভিনয় করেছেন জুয়েল জহুর।’
নজরুলের নাটকে এই প্রথম অভিনয় করলেন মৌটুসি। তাই অভিনয় নিয়ে একটু শঙ্কাও ছিল তাঁর মনে। মৌটুসি বলেন, ‘নাটকটি আগে পড়া থাকলেও এতে অভিনয় নিয়ে শুরুতে বেশ চিন্তায় ছিলাম। তবে পরিচালকের সহযোগিতায় সে চিন্তা এখন কেটে গেছে।’
পরিচালক জানান, আজ (মঙ্গলবার) থেকে গাজীপুরের কালিয়াকৈরের একটি জমিদারবাড়িতে এর শুটিং শুরু হবে। ২৫ মে নজরুলের জন্মজয়ন্তীতে এটি প্রচারিত হবে বাংলাভিশনে।