নতুন নিয়মে চলছে শুটিং

রাজধানীর উত্তরার বাড়িগুলোতে নতুন নিয়মে শুরু হয়েছে শুটিং। এখন সকাল ৮টা থেকে রাত ১১টার মধ্যে শেষ করতে হবে দিনের শুটিংয়ের কাজ। এর মধ্যে কাজ শেষ না হলে রাত ১১টায় বন্ধ হয়ে যায় বৈদ্যুতিক সংযোগ। আর বাড়ির বাইরে বা ছাদে শুটিং শেষ করতে হবে রাত ১০টার মধ্যে। নতুন এই নিয়ম বাস্তবায়ন করা হয়েছে চলতি মাস থেকে।
উত্তরার শুটিংবাড়ির মেকআপ রুমে শুটিং হাউস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের টাঙানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আরও কিছু নিয়মকানুন। যেমন শুটিং দলের সদস্যদের নামের তালিকা লিপিবদ্ধ করতে হবে নির্দিষ্ট খাতায় এবং শুটিংবাড়িতে কেউ রাত কাটাতে পারবেন না। এ ছাড়া রয়েছে নিরাপত্তাসংক্রান্ত বেশ কয়েকটি নিয়ম।
গত শুক্রবার উত্তরার পাঁচটি শুটিংবাড়ি ঘুরে দেখা গেল, নোটিশের প্রভাব পড়েছে সেখানে। দ্রুত ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে চাইছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
নতুন নিয়ম প্রসঙ্গে কথা হলো শুটিং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে। বললেন, ‘উত্তরা একটি আবাসিক এলাকা। আমরা চাই না শুটিংয়ের জন্য কারও কোনো সমস্যা হোক। সবার স্বার্থেই নিয়ম করা হয়েছে। দেশের সবকিছুতে একটা নিয়ম–শৃঙ্খলা থাকলে শুটিংয়ে নয় কেন?’ উত্তরায় অ্যাসোসিয়েশনভুক্ত শুটিংবাড়ি রয়েছে ১২টি এবং অ্যাসোসিয়েশনের বাইরেও আছে কয়েকটি। তবে সব কটিই এক ছাতার নিচে আসবে বলে মনে করছেন খলিলুর রহমান।
শুক্রবার উত্তরার ৪ নম্বর সেক্টরের ‘আপন ঘর ২’-এ একটি একক নাটকের শুটিং করছিলেন চয়নিকা চৌধুরী। বললেন, ‘এই নিয়মের ফলে অনেক সময় একটা দৃশ্যের কারণে শুটিং আটকে যেতে পারে। এখন ওই দৃশ্যের জন্য তো আমি পরের দিন শুটিংবাড়ি ভাড়া নিতে পারি না।’ চয়নিকা চৌধুরীর সঙ্গে একমত হলেন অনেক নির্মাতাই। উত্তরায় শুটিংয়ে ব্যস্ত থাকা পরিচালক আলভী আহমেদ বললেন, ‘নিয়মটা ভালো, কিন্তু মাঝেমধ্যে বিপদে পড়তে হচ্ছে।’
উত্তরার বিভিন্ন শুটিং স্পটে কথা হলো অভিনয়শিল্পী শর্মিলী আহমেদ, চঞ্চল চৌধুরী, আনিসুর রহমান মিলন, হিল্লোল, অপূর্ব, মৌটুসী বিশ্বাসসহ অনেকের সঙ্গে। শর্মিলী আহমেদ বললেন, ‘পরিচিত অনেক নির্মাতা আছেন, যাঁরা আগে সারা রাত কাজ করতেন, ভয়ে তাঁদের সঙ্গে শুটিং করতাম না। এই নিয়মটা হওয়াতে খুব ভালো হয়েছে।’