নতুন পথে হাঁটবেন তানজিন তিশা

ছোটপর্দায় এক ঘণ্টার ও ধারাবাহিক নাটকে নিয়মিতই অভিনয় করেন তানজিন তিশা। তবে সম্প্রতি এই ছোটপর্দার অভিনেত্রী অভিনয়ের ব্যাপারে নতুন এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিশা জানিয়েছেন, এখন থেকে আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করবেন না তিনি।
ধারাবাহিকে অভিনয় না করার পেছনের কারণ সম্পর্কে তিশা বলেন, ‘অনেকেই ছোটপর্দায় নিজেকে বেশি বেশি দেখার জন্য একাধিক ধারাবাহিকে কাজ করেন। কিন্তু আমি এখন ছোটপর্দায় নিজেকে অতটা প্রকাশ করতে চাচ্ছি না।’
অবশ্য তিশার এই নিজেকে প্রকাশ না করার পেছনেও একটি কারণ লুকিয়ে আছে। সেটাই মূল কারণ। অভিনয়ের ক্ষেত্রে নতুন এক পথের দিশা পাওয়ার কথা জানিয়েছেন তিশা। তিনি বলেন, ‘শিগগিরই চলচ্চিত্রে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। এরই মধ্যে বড়পর্দায় কাজের ব্যাপারে বেশ কয়েকজন পরিচালক ও প্রযোজকের সঙ্গে একাধিকবার বসা হয়েছে। আরও দু-একবার বসার কথা আছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ তিশা বলেন, ‘এখন আমার বড়পর্দাকে ঘিরেই বেশি আগ্রহ।’
তবে, আপাতত এক ঘণ্টা বা টেলিছবির কাজ বন্ধ করছেন না ছোটপর্দার এই অভিনেত্রী। তানজিন তিশা সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘অন্তনীল’ নামে একটি টেলিছবি এবং ‘পরী ও চাঁদের টিপ’, ‘ওয়ান টু সিক্স’, ‘অবশেষে’ ও ‘১৭ ডেইজ’ নামে এক ঘণ্টার কয়েকটি নাটকের।
সর্বশেষ, আশুতোষ সুজনের ‘থ্রি সিস্টার’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। এ নাটকটি এই জানুয়ারি থেকে প্রচার শুরু হওয়ার কথা আছে।