নতুন বিজ্ঞাপনে কুসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুসুম শিকদার।
কুসুম শিকদার।

নয় বছর পর নতুন কোনো বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন কুসুম শিকদার । অনেক বেশি ভালো লাগা থেকে এই বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন বলে প্রথম আলোকে জানান কুসুম। আর তাই নতুন এই বিজ্ঞাপনচিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।


কুসুম বলেন, ‘নয় বছরে আমার কাছে অনেক বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব এসেছে। কিন্তু সবকিছু মনমতো না হওয়ায় সেসবে কাজ করিনি। তবে এবারের বিজ্ঞাপনচিত্রের ভাবনা আমার কাছে দারুণ লেগেছে। তাই কাজটি করতে রাজি হয়েছি।’

কুসুম নতুন যে বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন তা হাঁসমার্কা গন্ধরাজ সুগন্ধি কেশ তেলের। কুসুম বলেন, ‘বিজ্ঞাপনচিত্রে কাজ করতে হয় পণ্য প্রতিষ্ঠান, পরিচালক এবং বাজারের চাহিদার ব্যাপারটি মাথায় রেখে। এরপর তা যদি দর্শকের ভালো লাগে সেখানেই একজন শিল্পী হিসেবে আমার স্বার্থকতা।’

কুসুম অভিনীত নতুন বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে কলকাতায়। নির্মাণ করেছে সৌনক মিত্র।

এদিকে ঈদের পর কুসুম শিকদার যাবেন কলকাতায় গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের ডাবিং করতে। কুসুম বলেন, ‘আমরা অভিনয়জীবনে শঙ্খচিল অন্যতম একটি অধ্যায় হয়ে থাকবে। এই ছবিতে আমি কাজ করেছি গৌতম দা’র (গৌতম ঘোষ) মতো গুণী পরিচালক ও প্রসেজিতের মতো গুণী অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। অনেক কিছু শিখতে পেরেছি। যা আমার পরবর্তীজীবনে অভিনয়ের ক্ষেত্রে অনেক কাজে আসবে।’

কুসুম শিকদার সর্বশেষ মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় ‘বাংলালিংক লেডিস ফার্স্ট’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন।