নতুন বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হলেন বিপাশা

নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনয়শিল্পী বিপাশা হায়াত। আগামী ৩ নভেম্বর ‘প্রাণ পাউডার মিল্ক’ এর বিজ্ঞাপনচিত্রের শুটিং হবে। আজ শনিবার ঢাকার প্রগতি সরণির প্রাণ-আরএফএল সেন্টারে বিপাশার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এ বিষয়ক চুক্তি স্বাক্ষর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অভিনয়, লেখালেখি, উপস্থাপনা, চিত্রশিল্পী হিসেবে বিপাশার খ্যাতি থাকলেও বিজ্ঞাপনচিত্রে তাঁর চিত্রাঙ্কন এবং মাতৃত্বের গুণকেই ফুটিয়ে তোলা হবে বলে জানানো হয়। বিপাশা অভিনীত নতুন এ বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করবেন নাফিস রেজা।
বিজ্ঞাপনচিত্রে কাজ করার পাশাপাশি আগামী দু বছর প্রাণ পাউডার মিল্কের বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানের সঙ্গেও যুক্ত থাকবেন বিপাশা।

চুক্তি স্বাক্ষর শেষে বিপাশা জানান, প্রাণ বাংলাদেশের একটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করব। আশা করছি কাজটা উপভোগ্য হবে।
এদিকে প্রাণ ডেইরির প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘টিভি নাটক, মঞ্চ, চলচ্চিত্র, চিত্র শিল্পসহ নানা মাধ্যমে বিপাশা হায়াতের পথচলা দীর্ঘদিনের। মমতাময়ী মা হিসেবেও তাঁর বেশ সুনাম। এ ছাড়া তিনি একজন সফল বাঙালি নারীর প্রকৃষ্ট উদাহরণ। তাঁর এসব ইমেজের জন্যই আমরা চুক্তিবদ্ধ হয়েছি।’
আনিসুর রহমান এও বলেন, ‘আমরা সব সময় পণ্যের মানোন্নয়নের চেষ্টা করি। ফলে আমাদের পণ্য ভোক্তাদের কাছে অধিক গ্রহণযোগ্যতা পেয়েছে।’
জানা গেছে, একজন মা তাঁর সন্তানের প্রতি যথেষ্ট যত্নশীল, পাশাপাশি তিনি তাঁর কাজকেও অনেক বেশি গুরুত্ব দেন। ছেলেমেয়েদের খাবার-দাবারের আবদার পূরণেও তিনি সব সময় সেরাটাই দিতে সচেষ্ট থাকেন। এমনই এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘প্রাণ পাউডার মিল্ক’ এ বিজ্ঞাপন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিপাশার সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রাণ ডেইরির প্রধান বিপণন কর্মকর্তা মোল্লা ওমর শরিফ, ব্র্যান্ড ম্যানেজার মাকসুদুর রহমান।