নতুন বিজ্ঞাপনে মৌটুসী বিশ্বাস

টিভি পর্দার পরিচিত মুখ মৌটুসী বিশ্বাস। বিজ্ঞাপন, নাটক এমনকি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। মৌটুসী অভিনীত ‘চার টাকার দাগ কিন্তু গল্প এত্তবড়’ বিজ্ঞাপনটিও বেশ সাড়া জাগিয়েছে। এবার নতুন আরেকটি বিজ্ঞাপনের শুটিং করলেন তিনি। আজ বিজ্ঞাপনচিত্রটির শুটিং হলো রমনা পার্ক ও তেজগাঁওয়ের কোক স্টুডিওতে। রাত অবধি শুটিং চলবে বলেই জানিয়েছেন তিনি।
নতুন বিজ্ঞাপনের শুটিং প্রসঙ্গে মৌটুসী বললেন, ‘নতুন এ বিজ্ঞাপনে আমাকে তরুণী থেকে বৃদ্ধ হওয়ার সময়টুকু দেখানো হয়েছে। এখানে আমার সঙ্গে একটি বাচ্চাও কাজ করেছে। আর পণ্যটি একটি অলিভ ওয়েলের।’ সংগত কারণেই পণ্য ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি তিনি।
মৌটুসী জানালেন, ‘বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নির্মাতা আবদুল্লাহ সাদ। খুব ভালো একটা কাজ হচ্ছে বলেও জানান তিনি।
অভিনেত্রী মৌটুসী বিশ্বাস সম্প্রতি ‘কৃষ্ণপক্ষে’ ছবির কাজ শেষ করেছেন। এ ছাড়া ব্যস্ত আছেন ‘চলিতেছে সার্কাস’, ‘সাতটি তারার তিমির’সহ বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ নিয়ে। নিয়মিত একক নাটকেও অভিনয় করেছেন তিনি। গতকাল শেষ করেছেন এস এ হক অলিকের একটি নতুন নাটকের কাজ।