নতুন ভাষা শিখছেন স্বাগতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাগতা
স্বাগতা

অভিনয়ের খাতিরে কত কিছুই না শিখতে হয়। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে পোশাকের মতো নতুন ভাষাও তো শিখতে হতে পারে। এ কারণেই নতুন একটি ধারাবাহিকে অভিনয়ের জন্য উর্দু ভাষা শিখছেন অভিনেত্রী স্বাগতা। শেখার ধাপ হিসেবে একজন বিহারি নাট্যকর্মীর কাছে নিয়মিত নিচ্ছেন উর্দু ভাষার পাঠ। দেখছেন উর্দু ভাষার ছবিও। বললেন, ‘ফেব্রুয়ারিতে দহন নামে একটি ধারাবাহিকে কাজ শুরু করব। এখানে বিহারি মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। মেয়েটির পরিবার সব সময় নিজেদের মধ্যে উর্দুতে কথা বলে। অভিনয় প্রাণবন্ত করতেই উর্দু শিখছি।’
দহন ধারাবাহিকটি নির্মাণ করছেন সুমন আনোয়ার। রচনাও তাঁর। নাটকটি নিয়ে তিনি বললেন, ‘এটা একটা বিহারি পরিবারের গল্প; যাঁরা পুরান ঢাকায় থাকেন। পরিবারের কর্তা ব্যবসা করে সংসার চালান। কিন্তু বাঙালিদের সঙ্গে নানা ধরনের টানাপোড়েনে পড়ে পরিবারটি। এটা নিয়েই গল্প।’ তিনি জানান, অভিনয়শিল্পীদের নিয়ে নিয়মিত ধারাবাহিকটির মহড়া ও ভাষা শেখার ক্লাস করানো হচ্ছে। অভিনয়শিল্পীরা দারুণ সহযোগিতা করছেন। আগামী ৩ ফেব্রুয়ারি শুটিং শুরু হবে।’
দর্শকদের জন্য সুখবর হলো, এই ধারাবাহিকে যখনই উর্দু সংলাপ বলবেন অভিনয়শিল্পীরা, তখনই বাংলা সাব-টাইটেল দেখানো হবে। পরিচালক জানান, স্বাগতা ছাড়াও ধারাবাহিকটিতে অভিনয় করছেন মামুনুর রশীদ, শহীদুল ইসলাম সাচ্চু, লুৎফর রহমান জর্জ, মনিরা মিঠু, নিশো, দিনার, প্রভা, শার্লিন ও সুষমা সরকার।