নভেম্বরের শেষে 'নভেম্বর রেইন'

শুটিংবাড়ির আঙিনায় গাড়ি দাঁড় করালেন সজল। নেমে ‘এক্সকিউজ মি’ বলে ডাকলেন সদর দরজা দিয়ে বেরিয়ে যাওয়া তরুণ অভিনেতা বাপ্পীকে। ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসার পরই ক্যামেরার পেছন থেকে ‘কাট’ বলে উঠলেন পরিচালক রায়হান খান। গতকাল রোববার সকালে রাজধানীর ইস্কাটনের একটি শুটিংবাড়িতে এ দৃশ্য দিয়েই শুরু হলো শুটিং। নাটকের নাম নভেম্বর রেইন। রচনা পরিচালকেরই। প্রথম দৃশ্যের ধারণ চলতে চলতেই সেটে পৌঁছে যান নাটকের অভিনেত্রী তিশা। পরিচালক তাঁকে বসিয়ে দেন সাজঘরে রূপসজ্জাকরের সামনে। এক ফাঁকে কথা হয় সজলের সঙ্গে। বলেন, ‘হারজিৎ সিনেমার শুটিংয়ের বিরতি পেয়েছি। এ কারণেই নাটক করা। আর নাটক তো ভালোবাসি। যতই সিনেমা করি, নাটক ছাড়তে পারব না।’
নভেম্বর রেইন নাটকের গল্পে তিশা অভিনয় করছেন সজলের স্ত্রীর চরিত্রে। দুজনের সম্পর্কের টানাপোড়েন এবং শেষে সুন্দর পরিণতির গল্পই দেখানো হয়েছে নাটকে।
ততক্ষণে প্রস্তুতি শেষ তিশার। সজল-বাপ্পীর দৃশ্যও শেষ। এবার নতুন দৃশ্য। শাড়ি পরেছেন তিশা। দরজায় দাঁড়িয়ে অফিসগামী সজলকে বিদায় জানাবেন। বেশ আবেগঘন দৃশ্য। সেটি করতে গিয়ে বার কয়েক হলো এনজি (নট গুড) শট, অর্থাৎ দৃশ্য বাতিল হলো। কারণটা সজল-তিশা নন, ক্যামেরার ট্রলি। কোনো এক অজ্ঞাত কারণে বারবার কেঁপে যাচ্ছিল। সেটা ঠিকঠাক করার ফাঁকে তিশা বললেন, ‘আমি ফেসবুকে চলে এসেছি। তোমরা আমার পেজে লাইক দিয়েছ? কয়েক দিনেই কিন্তু ৫৪ হাজার লাইক হয়ে গেছে।’
ফেসবুক নিয়ে বেশ কিছুক্ষণ কথা চলল সজল ও তিশার। ক্যামেরা চালু হলো আবার। বেশ কয়েকবার নানাভাবে দৃশ্যটি নেওয়া হলো। নভেম্বরের দুপুরে তখন মিষ্টি রোদ। পরিচালক দুপুরের খাবারের বিরতি দিলেন। বিদায় নেওয়ার আগে পরিচালক জানালেন, আজ একই জায়গায় চলবে নাটকটির শুটিং।