নয় বছরে সিসিমপুর
মঞ্চে হালুম, টুকটুকি, ইকরিদের সঙ্গে নতুন তিন অতিথি। তারা হলো রায়া, এলমো ও খেপু। নতুন এই তিনজনকে এখন থেকে দেখা যাবে সিসিমপুরে। এমন সুখবর নিয়েই নয় বছরে পা দিল শিশুদের প্রিয় অনুষ্ঠান ‘সিসিমপুর’। এ উপলক্ষে গতকাল সোমবার আয়োজন করা হয়েছিল বর্ষপূর্তির অনুষ্ঠানের। রাজধানীর বেঙ্গল স্টুডিওতে আয়োজিত এ অনুষ্ঠান উপস্থাপনাও করেছে ইকরি ও হালুমরা। অবশ্য সঙ্গে ছিল সিসিমপুরের আরও দুই যাত্রী বাহাদুর ও সুমনা।
বিকেল সাড়ে পাঁচটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
অনুষ্ঠানে জানানো হয়, ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় নতুন বছরে প্রিয় মাপেটদের নিয়ে সাজানো হয়েছে নতুন নতুন পর্ব। এগুলোর মধ্যে থাকছে জীববৈচিত্র্য, পুষ্টিকর খাবার, খাদ্যনিরাপত্তা, পানিজনিত বিপদ থেকে নিরাপত্তা, পরিষ্কার–পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর অভ্যাস, ভূমিকম্পবিষয়ক নিরাপত্তাসহ অনেক বিষয়।
সিসেমি ওয়ার্কশপের তত্ত্বাবধানে এশিয়াটিক মার্কেটিং লিমিটেডের প্রযোজনা ও ক্রিয়েটিভ সার্ভিসের সহযোগিতায় বাংলাদেশের প্রাক্-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিশুদের জন্য তৈরি হচ্ছে শিক্ষামূলক এই অনুষ্ঠান। এখন থেকে আরটিভিতে প্রতি শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে এবং সোম ও বুধবার বিকেল ৫টায় দেখানো হবে সিসিমপুর।