নরেন বিশ্বাস পদক পাচ্ছেন খালেদ খান

এবার ‘নরেন বিশ্বাস পদক’ পাচ্ছেন প্রয়াত নাট্য নির্দেশক ও সুঅভিনেতা খালেদ খান (যুবরাজ)। বাক্শিল্পী নরেন বিশ্বাসের কর্ম সাধনার বিষয় ছিল বাংলা ভাষার শিল্পময় উচ্চারিত রূপ; যিনি প্রতিষ্ঠালগ্ন থেকে আজীবন কণ্ঠশীলনের প্রশিক্ষক ও অন্যতম প্রতিষ্ঠাতা-শিক্ষাগুরু হিসেবে যুক্ত ছিলেন।
১৭ অক্টোবর ২০১৪ শুক্রবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কণ্ঠশীলনের আহ্বায়ক শিল্পী কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৭ নভেম্বর বাক্শিল্পী নরেন বিশ্বাসের প্রয়াণ দিবসে এই পদক দেওয়া হবে। নরেন বিশ্বাস ও খালেদ খানের পরিবার, কণ্ঠশীলন-কর্মী এবং সংস্কৃতি জগতের গুণীজনেরা এদিন তাঁদের স্মরণ করবেন।
সাংস্কৃতিক কর্মযজ্ঞে খালেদ খানের ছিল দীর্ঘ পথপরিক্রমা; নাটক ও আবৃত্তি সাধনায় যিনি নিমগ্ন ছিলেন আজীবন বিরামহীন। নাগরিক নাট্য সম্প্রদায়ের আলোচিত অনেক নাটকে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। কণ্ঠশীলনসহ অনেক দলের উল্লেখযোগ্য নাটকেও তিনি নির্দেশনা দিয়েছেন।