নাইমের ওপর শখ মহাবিরক্ত

গল্পটি দুই জুটির।
নাইম অর্থনীতির ছাত্র। তার কাছে জীবনের অর্থ পুঁজি। মুখে মুখে সব সময় লেগে থাকে কার্ল মার্ক্স-এর থিওরি ‘ক্যাপিটালিজম ইজ দা ম্যান পাওয়ার অব হিউম্যান লাইফ।’ তার এই ধরনের কার্যকলাপে স্ত্রী শখ মহাবিরক্ত। নাইমের হিসাব নিকাশ ও স্ত্রী শখের পিতার সম্পত্তির দিকে দৃষ্টি একটা সময়ে সম্পর্ক নষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
এবার অন্য জুটির কথা শুনুন। যেখানে পাত্র মিলন, পাত্রী ইমি। মিলন মনে করেন, মানুষের শুরু ও শেষ দুই অন্ধকার অধ্যায়ের মাঝখানে যে আলোর ঝিলিক দেখা যায় তাই জীবন। মিলনের কাছে এই আলোর ঝিলিকটুকুই উপভোগের। এই আলোর ঝিলিকের অর্থ জীবন, যা সে ইমির মধ্যে ছড়িয়ে দিতে চাই। যেখানে সুখের জন্য ভালোবাসার জন্য অর্থের চেয়ে ভালোবাসা বেশি প্রয়োজন পড়ে। ফ্রয়েডিয় তত্ত্বের জয় এখানে। ভালোবাসাই হলো বেঁচে থাকার আসল শক্তি। এই দুই ধরনের ভালোবাসার গল্প, কমেডি নিয়ে দুই জোড়া প্রেমিক প্রেমিকার গল্প ‘আলোর ঝিলিক’।

‘আলোর ঝিলিক’ বন্ধু দিবসের টেলিফিল্ম। ভালোবাসা বা বেঁচে থাকার জন্য মার্কসের তত্ত্বের চেয়ে ফ্রয়েডিয় তত্ত্বের কার্যকারিতা বেশি মূলত এই নাটকের গল্পে তা দেখানো হয়েছে।
টেলিফিল্মটি ৭ আগস্ট রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে এটিএন বাংলার পর্দায়।
হাবিব শাকিল এর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন বি ইউ শুভ।