নাগরিকে ৭ পর্বের ধারাবাহিক ‘কড়িওয়ালা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টিভিতে থাকছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। এই আয়োজনে থাকছে একাধিক ধারাবাহিক নাটক। এগুলোর মধ্যে অন্যতম ‘কড়িওয়ালা’। ব্যতিক্রমী নামের নাটকটি লিখেছেন মাহবুব হাসান। পরিচালনা করেছেন আশরাফী মিঠু। নাটকটিতে অভিনয় করেছেন জাহের আলভী, সারিকা সাবরিন, আবদুল্লাহ রানা, হিমে হাফিজ, লাবণী মিম। নাটকটি প্রচারিত হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৫৫ মিনিটে।
নাটকের গল্পে দেখা যাবে কাগুজে নোটের আধিপত্যে অস্থির চারপাশ। টাকার হিসাব মেলাতে গিয়ে হাসির ঘটনাও। আবার কখনো সম্মান, মর্যাদা রক্ষা করা বড়ো দায় হয়ে যায় এই টাকার জন্য। গল্পের প্রধান চরিত্র মোফাক্কার তার বাবার সঙ্গে বাজারে গিয়ে টের পায়, যে ক্রেতার টাকা আছে তার পছন্দ চিনে রাখে দোকানিরা। দুনিয়ার সবাই এখন টাকার পেছনে ঘুরছে! টাকা নিয়ে অদ্ভুত আর মজার কেচ্ছা কাহিনি বলে বেড়ান এই অস্থির সময়ের কিছু বিশিষ্ট মানুষ। কিন্তু আলোচনা শেষে তার হাতে আসা খামটির ভেতরে কত আছে, সেই তথ্যটিও যাচাই করে নেন!

নাটকের শুরুতে দেখা যায়, মোফাক্কার শহরে আসে বাবার বকা খেয়ে। বাবা বলেন, পাশের বাড়ির হাসমত মিয়ার ছেলে মধ্যপ্রাচ্যে গিয়ে দোতলা বাড়ি বানিয়েছে। বাড়ি পাহারা দেওয়ার দারোয়ান নিয়োগ দিয়েছে আর তুই মোফাক্কার বাবার ঘাড়ে বসে বসে এখনো খাচ্ছিস! একরোখা মোফাক্কার হজম করতে পারেনি বাবার সেই বকুনি। সোজা চলে আসে ঢাকায়। ফুটপাতের একটা টং দোকানে চা খেতে খেতে টেলিভিশনের মুদ্রাস্ফীতি নিয়ে রসালো আলোচনা তার নজর কাড়ে। একজন কড়ি বিক্রেতার সঙ্গে তার পরিচয় হয়। যে কিনা এই শহরে পথেঘাটে কড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করে।

যারা বলে, বাস্তব জীবনের চাপে পড়লে অবাস্তব সব পালায়, তাদের এই কথা মানতে নারাজ মোফাক্কার। আর অন্যের চিন্তাই বা সে গ্রহণ করবে কেন, সে তো কোনো অংশে কম বোঝে না! পড়তে পারে। লিখতে পারে। ফেসবুক চালাতে পারে! ফলে দেশ বিদেশের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রব্যবস্থা এমন কোনো তথ্য–উপাত্তও নেই যে যা তার অজানা। এসব বিষয় নিয়ে এগিয়ে যায় নাটক। নাটকে বিভিন্ন পর্বে ঘটতে থাকে নানা আজগুবি ঘটনা। অনেকটা স্যাটায়ার, আর মজার ঘটনাপ্রবাহের মাধ্যমে আবেগী গল্প বলা হবে সাত পর্বের ‘কড়িওয়ালা’তে।