নাচ নিয়ে আছে হতাশা-অভিমান

পারফরমিং আর্টের সবচেয়ে আকর্ষণীয় উপাদান কোনটি? অনেকেই হয়তো একবাক্যে বলবেন নৃত্য। বাংলাদেশের শিল্পকলার সবচেয়ে অবহেলিত উপাদান কোনটি? এ প্রশ্নের উত্তরেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বেশির ভাগ বলবেন ‘নৃত্য’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সবচেয়ে আকর্ষণহীন ও হতভাগ্য মিলনায়তনটির নাম—সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তন।
বাংলাদেশে নৃত্যচর্চা বেড়েছে। হয়েছে আগের থেকে আরও জৌলুশপূর্ণ। ভারত থেকে শাস্ত্রীয় নৃত্য শিখে এসে বাংলাদেশে শেখাচ্ছেন বাংলাদেশের অনেক শিল্পী। তাঁদের অনেকে দেশ-বিদেশে পেয়েছেন খ্যাতি ও জনপ্রিয়তা। শিক্ষক হিসেবে তাঁদের অনেকেই তৈরি করেছেন বহু নৃত্যশিক্ষার্থী। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নৃত্য পরিবেশন করে তাঁরা সুনাম কুড়াচ্ছেন। কিন্তু তবু যেন হতাশা পিছু ছাড়ছে না বাংলাদেশের নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও সংগঠকদের। পৃষ্ঠপোষকতার অভাব, অপর্যাপ্ত সরকারি ও বেসরকারি সহযোগিতা, টেলিভিশন চ্যানেলের অসহযোগিতা এবং মঞ্চ না পাওয়ায় এই শিল্পচর্চা যেন হয়ে উঠছে তপ্ত অঙ্গারের ওপর নৃত্য করার মতোই।
বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী শিবলী মহম্মদ মনে করেন, বাংলাদেশে শাস্ত্রীয় ও সুস্থ ধারার নাচে পৃষ্ঠপোষকতা কমছে। এর বদলে আধুনিক তকমা লাগিয়ে জনপ্রিয় ও রুচিহীন নাচের কদর ও সেসবের পেছনে ব্যয় বাড়ছে। আর এর চাহিদার পালে হাওয়া দিচ্ছেন প্রধান পৃষ্ঠপোষকেরাই। তিনি বলেন, ‘বেসরকারি টিভি চ্যানেলগুলোর কথা বাদ দিলাম, বাংলাদেশ টেলিভিশন এখন নাচের অনুষ্ঠান করাচ্ছে উঠতি মডেল ও নায়িকাদের দিয়ে। জাতীয় নাট্যশালার মঞ্চ নৃত্যশিল্পীদের দিতে চান না নাটকেরা লোকেরা। তাহলে শর্মিলা বন্দ্যোপাধ্যায়, শামীম আরা নীপা, আনিসুল ইসলাম, ওয়ার্দা রিহাবরা কোথায় যাবেন?’
নাচের পেছনে যথেষ্ট অর্থ ব্যয় করে নির্মিত হয় মন মাতানো সব নৃত্যনাট্য। এগুলোর খরচ তুলতে পর্যাপ্ত প্রদর্শনী করা প্রয়োজন। অন্তত টানা এক সপ্তাহ প্রদর্শনী করলে কোনো কোনোটির খরচ উঠে আসতে পারে। কোনো কোনোটির জন্য দরকার আরও বেশি প্রদর্শনী। কিন্তু মঞ্চ আর পৃষ্ঠপোষকতার অভাবে সেটা হয় না। ফলে মানসম্মত নৃত্যনাট্য বাড়ছে না। সৃষ্টি কালচারাল সেন্টারের প্রধান কোরিওগ্রাফার নৃত্যশিল্পী আনিসুল ইসলাম জানান, তাঁদের বাদী বান্দার রূপকথা নৃত্যনাট্যটির এ পর্যন্ত ২০টিরও বেশি প্রদর্শনী হয়েছে। এখনো এর প্রকৃত খরচ তোলা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘বাজার থেকে সুর-সংগীত কিনে তৈরি করতে পারলে নৃত্যনাট্যের খরচ কমে যায়। কিন্তু নিজেরা সংগীতায়োজন করতে গেলে খরচ বেড়ে যায়।’
বাংলাদেশের নাচের সংগঠনগুলোর মধ্যে নৃত্যাঞ্চলের রাইকৃষ্ণ পদাবলি, সাধনার তাসের দেশ, ভাবনার শকুন্তলার মতো নৃত্যনাট্যগুলোর ক্ষেত্রে চিত্রনাট্য, সংগীত, প্রপস ও কস্টিউম, মিলনায়তন ও আলোর খরচ জোগাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এসবের প্রদর্শনীর জন্য যে ধরনের পৃষ্ঠপোষক দরকার, বেশির ভাগ সময় সেটা পাচ্ছেন না প্রতিষ্ঠানগুলো। তবে টিকিট বিক্রি করে নাচের অনুষ্ঠান দেখার প্রবণতা আগের চেয়ে বেড়েছে বলে মনে করেন সাংস্কৃতিক সংগঠন সাধনার শিল্পনির্দেশক লুবনা মারিয়াম। তিনি বলেন, ‘আমরা বেশির ভাগ প্রদর্শনী টিকিট বিক্রি করে সফলভাবে করতে পেরেছি। শুরুর দিকে কোনো কোনো প্রদর্শনী থেকে দেড় থেকে দুই লাখ টাকার টিকিট বিক্রি করা যায়। পরে অবশ্য সেটা কমে ৮০-৯০ হাজার হয়ে যায়। তখন খরচ তোলাটা একটু কষ্টকর হয়ে যায়।’ তিনি মনে করেন কোনো নৃত্যনাট্য বড় মিলনায়তনে টানা তিন-চার দিন দর্শনীর বিনিময়ে প্রদর্শনীর ব্যবস্থা করলে সেটার টাকা তুলে আনা সম্ভব। এ ছাড়া ছোট ছোট নৃত্যনাট্য বা প্রযোজনার ক্ষেত্রে খরচ তুলে আনাটা খুব বেশি কঠিন নয়।
অন্যদিকে হতাশার কথা জানিয়ে আনিসুল ইসলাম হিরু বলেন, নাচের করপোরেট প্রদর্শনী এবং টেলিভিশনের জন্য মডেল ও নায়িকাদের চাহিদা বাড়ছে। নাচের নামে টেলিভিশনগুলোতে আঁটসাঁট পোশাকে মডেলদের দিয়ে যেসব দেখায়, সেগুলো অশ্লীল ও কুরুচিপূর্ণ। বেদনার একই স্বরে শিবলী বলেন, ‘আমার চেয়ে ভালো নাচ করে এমন অনেক ছেলেমেয়ে আছে, যারা নিজেদের প্রতিভা প্রকাশের জায়গা পাচ্ছে না।’ নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা মনে করেন, সংস্কৃতি একটি সুন্দর উপলব্ধির ব্যাপার। চটুল জিনিসকে নাচ বলে চালিয়ে দেওয়া যাবে না। আক্ষেপ নিয়ে এই মণিপুরি নৃত্যশিল্পী বলেন, ‘সাংস্কৃতিক পরিবেশনা ডিনার খেতে খেতে উপভোগের বিষয় নয়, এই বোধটা আগে তৈরি করতে হবে। তাহলেই তাঁরা বুঝবেন, কোনটায় পৃষ্ঠপোষকতা করতে হয়।’