নাচের অনুষ্ঠানের বিচারক মুনমুন, ফেরদৌস ও শাওন

চ্যানেল আইতে আবার শুরু হচ্ছে নাচ বিষয়ক রিয়ালিটি শো সেরা নাচিয়ে। আগেরবারের মতো এবারও বিচারক হিসেবে থাকছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন। এটি সেরা নাচিয়ের তৃতীয় আসর।
আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে চ্যানেল আইয়ে এ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বের প্রচার শুরু হবে। প্রতিযোগিতার মূলপর্ব শুরু হবে আরও কিছুদিন পর।
চ্যানেল আইয়ের বিপণন বিভাগের প্রধান ইবনে হাসান খান প্রথম আলোকে বলেন, ‘সারা দেশ থেকে এখন প্রতিভাবান নৃত্যশিল্পী বাছাইয়ের কাজটি করছি। প্রাথমিক বাছাইয়ের এ কাজে আমাদের সহযোগিতা করছেন দেশে গুণী সব নৃত্যশিল্পীরা। মূলপর্ব থেকে প্রধান তিন বিচারককে পাওয়া যাবে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চ্যানেল আইয়ের স্টুডিওতে মূলপর্বের দৃশ্যধারণে অংশ নেবেন মুনমুন আহমেদ, ফেরদৌস ও শাওন।
সেরা নাচিয়ে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে ম্যাঙ্গোলী। গতবারের আসরে সেরার মুকুট জিতে নিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে ইভানা। গতবারের চ্যাম্পিয়ন ইভানার মাথায় মুকুট পরিয়ে দেন সেরা নাচিয়ে প্রথম মৌসুমের যুগ্ম চ্যাম্পিয়ন তুষার ও মীম।