নাটক আর সিনেমার আগে নিয়ে এল গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকিয়া বারী মম, জিয়াউল ফারুক অপূর্ব এবং রাফিয়াথ রশীদ মিথিলা। ছবি: ফেসবুক
জাকিয়া বারী মম, জিয়াউল ফারুক অপূর্ব এবং রাফিয়াথ রশীদ মিথিলা। ছবি: ফেসবুক

কথা ছিল বাংলাদেশি দর্শকদের জন্য শিগগিরই বাংলাদেশি নাটক আর সিনেমা নিয়ে আসবে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম জি ফাইভ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সব পরিকল্পনা থমকে গেছে। তবে এরই মধ্যে লকডাউনের সব নিয়ম মেনে আট তারকা শিল্পীকে নিয়ে একটি নতুন গানের ভিডিও তারা মুক্তি দিয়েছে। গানের নাম ‘বিশ্ব অবাক চেয়ে রবে: টুওয়ার্ডস হোপ’।

মূলত, লোকমান ফকিরের লেখা ও সুর করা কালজয়ী লোকগান ‘আবার জমবে মেলা’র নতুন সংগীতায়োজন দেখা যাবে এই ভিডিওতে। রায়েফ আল হাসান রাফা গানটির সংগীতায়োজন করেছেন। গানে কণ্ঠ দিয়েছেন জোহাদ রেজা চৌধুরী, এলিটা করিম, কারিশমা শানু সভ্যতা। গানের ভিডিওতে অংশ নিয়েছেন রাফিয়াথ রশীদ মিথিলা, জাকিয়া বারী মম, জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান ও নাজিফা টুশি। বাড়িতে বানানো এই ভিডিও চিত্রটি পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এটি নির্মাণ করেছে দ্য গুড কোম্পানি।

গত ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়া হয়েছিল, বাংলাদেশি তারকা শিল্পী ও নির্মাতাদের নিয়ে ‘যদি কিন্তু তবুও’ ও ‘কন্ট্রাক্ট’ দুটো প্রযোজনা মুক্তি দেবে জি ফাইভ। কিন্তু উদ্ভূত করোনা পরিস্থিতির কারণে আপাতত শুটিং থেমে আছে। তাই পরিকল্পনা অনুযায়ী তারকাবহুল নাটক-সিনেমা এল না, এল তারকাবহুল গানের ভিডিও।

প্রসঙ্গত, ১৯৭২ সালের শুরুর দিকে বাউল লোকমান ফকির তাঁর নিজের লেখায় ওপর সুর দিয়ে গেঁথেছেন গানটি।