নাটক করতে গিয়ে চিন্তিত জেনী

দীর্ঘ অভিনয়জীবনে অনেক নাটকে অভিনয় করেছেন নওরীন হাসান জেনী। কিন্তু কখনোই নাকি এমন চাপ অনুভব করেননি। এবারই প্রথম কোনো নাটকে অভিনয় করতে গিয়ে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছেন এই অভিনয়শিল্পী। কারণ হিসেবে জেনী জানালেন, ‘যেহেতু এটা আমার জামাইয়ের লেখা প্রথম নাটক, তাই চিন্তাটা ছিল বেশি।’
‘কল্পনার ঘর’ নামের এই নাটকের রচয়িতা জেনীর স্বামী তানভীর খান। এরই মধ্যে ঢাকায় নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ আশিকুর রহমান। নাটকটিতে জেনীর বিপরীতে অভিনয় করেছেন হিল্লোল ও জোভান।
প্রথম আলোর সঙ্গে আলাপে জেনী বলেন, ‘স্বামীর লেখা গল্পের নাটকে প্রথম অভিনয় করলাম। জানি না কেমন হবে। জানি না ওর লেখা ও ভাবনার সঙ্গে ন্যায়বিচার করতে পেরেছি কি না। তবে এটুকু বলতে পারি, আমরাও সবাই নিজেদের জায়গা থেকে মন দিয়ে কাজটা করেছি।’
জেনী বলেন, ‘স্বামীর নাটক বলে বলছি না, সত্যি সত্যিই গতানুগতিক ধারার বাইরের একটি ভাবনা তানভীর তার লেখার মাধ্যমে তুলে ধরেছে। নাটকটি প্রচারের পর দর্শকেরাও আমার কথার সঙ্গে একমত হবেন বলে আশা করছি। ভয়ে ভয়ে থাকার কারণে একটা সুবিধাও হয়েছে বলতে পারেন, সবশেষে কাজটি ভালো হয়েছে।’
‘কল্পনার ঘর’ ছাড়াও এবারের ঈদে প্রচারের জন্য ‘অ্যাভারেজ আসলাম’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন জেনী। সাগর জাহানের পরিচালনায় এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।