নাটক না দেখা নিয়ে যা বললেন তৌকীর

‘আমরা সবাই জানি, দর্শকেরা টেলিভিশন নাটক দেখছেন না। কেন দেখছেন না তা–ও জানি। কী করলে দর্শকেরা নাটক দেখবেন, সেটা নিয়ে আমরা এলোমেলো কথা বলছি, গুছিয়ে কেউ কিছু করছি না।’ কথাগুলো জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা তৌকীর আহমেদের। গতকাল বুধবার রাতে ঢাকার গুলশান ক্লাবে টেলিভিশন নাটক নিয়ে মাহফুজ আহমেদের নতুন উদ্যোগের একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজক মাহফুজ আহমেদের প্রযোজনা প্রতিষ্ঠান বাণীচিত্র থেকে সপ্তাহের প্রতি শুক্রবার বিরতিহীনভাবে এক ঘণ্টার নাটক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মাহফুজের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে আরটিভি। অনুষ্ঠানে অন্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন তৌকীর আহমেদও।
টেলিভিশন নাটক থেকে বাংলাদেশের দর্শকেরা কেন মুখ ফিরিয়ে নিয়েছেন, এমন প্রেক্ষাপটের বর্ণনা করতে গিয়ে তৌকীর আহমেদ বলেন, ‘আমার তো মনে হয়, যতগুলো চ্যানেল রাষ্ট্রীয়ভাবে অনুমতি দেওয়া হয়েছে, এসব চালানোর মতো যোগ্য ব্যক্তি আমাদের ছিল কি না? চ্যানেল চালানোর জন্য যোগ্য কলাকুশলী এবং শিল্পী তৈরি করার উদ্যোগও কি নিয়েছি আমরা? আমরা শুধু জোড়াতালি দিয়ে টেলিভিশনের সর্বগ্রাসী ক্ষুধা মিটিয়ে যাচ্ছি।’
টেলিভিশনের আবার সর্বগ্রাসী ক্ষুধা?
তৌকীর বললেন, ‘আমি এভাবেই বলি, টেলিভিশনের অনেক ক্ষুধা। এটি সারা দিন ধরে চলে, তাই এর অনেক কনটেন্ট লাগে। সেই কনটেন্ট মান বজায় রেখে বেশি করে তৈরি করার যোগ্যতা না রাখি, তাহলে সাবস্ট্যান্ডার্ড জিনিস তা চালিয়ে দিতে হয়। মজার ব্যাপার হচ্ছে, এ নিয়ে কেউ দোষও নেবে না। দোষ তো আমাদের সবারই আছে।’
এত দ্রুত সময়ে দেশে এতগুলো টেলিভিশন চ্যানেল চালুর ব্যাপারটি আত্মঘাতী সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তৌকীর। তাঁর মতে, এতগুলো টেলিভিশন চ্যানেল এই মুহূর্তে দরকার ছিল না। যদিও ব্যাপারটি সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে হয়, তাই এ নিয়ে তাঁর কিছু বলার নেই। চ্যানেল যখন চালুই হয়েছে, তখন এসবের জন্য কিছু নীতিমালা দরকার ছিল বলেও মনে করেন তৌকীর। দর্শকেরা টেলিভিশন নাটক দেখছে না—এ নিয়ে শুধুই পরিচালক, শিল্পী আর প্রযোজকেরা ভাবলে হবে না। সেই সঙ্গে চ্যানেল এবং বাণিজ্য যাঁরা নিয়ন্ত্রণ করছেন, তাঁদেরও এ নিয়ে ভাবতে হবে। বিজ্ঞাপনদাতা সংস্থা বা এজেন্সিগুলোর ভূমিকাও এখানে অনেক গুরুত্বপূর্ণ।
তৌকীর বলেন, ‘অনেকেই বলেন আমাদেরকে দেখছেন না তাঁরা। শিল্পী তৈরি হয় বছরের পর বছর অনুশীলন ও চর্চার মধ্য দিয়ে। তাঁকে তাঁর যোগ্য সম্মান দিতে হবে সম্মানীও দিতে হবে। সেটা যদি না হয়, নিঃসেন্দেহে যিনি যোগ্য, তিনি সরে যাবেন। আর এই সুযোগে অযোগ্য লোক দিয়ে সেই জায়গাটা পূরণ করা হবে। তাতে যা ঘটার তা–ই ঘটবে। আমরা দর্শক হারাব। সত্যি কথা বলতে, শিল্পীদের অভিমান ও আত্মসম্মানবোধ আছে। আমি তো এমন কোনো জায়গায় কাজ করতে আগ্রহী নয়, যেখানে যোগ্য লোকের যোগ্য সম্মান পাওয়া যায় না।’
নীতিমালা প্রণয়ন প্রসঙ্গে এবং টেলিভিশন নাটকের ঐতিহ্য পুনরুদ্ধার প্রসঙ্গে তৌকীর বলেন, ‘আমি যত দূর জানি, চীনে একটা নাটকের ক্ষেত্রে কতটা বিজ্ঞাপন দেওয়া যাবে তার নীতিমালা সরকার নির্ধারণ করে দিয়েছে। ওদের অবস্থা আমাদের চেয়েও খারাপ হয়ে গিয়েছিল। তাই আমাদের এখনই সিদ্ধান্তে আসতে হবে। আমরা চাই, যোগ্য লোক যোগ্য কাজটিই করুক এবং টেলিভিশন তার সম্মান পুনরুদ্ধার করুক।’