নাটক পরিচালনায় সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান মুক্তাদির l ছবি: প্রথম আলো
সালমান মুক্তাদির l ছবি: প্রথম আলো

‘ইউটিউবের সালমান’ কিংবা ‘ব্রাউনফিশ’ সালমান—এখন এভাবেই অনেকে সালমান মুক্তাদিরকে চিনে নেয়। ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে নিজের চ্যানেলের কারণে এরই মধ্যে অনেকের নজর কেড়েছেন সালমান। সেই পরিচিতির গণ্ডিটা এখন আরও বেড়েছে নিয়মিত অভিনয়ের কল্যাণে। এবার সালমান নাম লেখালেন পরিচালকের খাতায়। গেল মাসে শুটিং করলেন তাঁর প্রথম নাটকের। নাটকের শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। নাটকটির নাম ইটস কমপ্লিকেটেড।
গেল মাসের শুরুতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন সালমান। অস্ট্রেলিয়ার সিডনিতেই করেছেন পুরো নাটকের শুটিং। তবে অতিপরিচিত কোনো অভিনয়শিল্পীকে নিয়ে সালমান তাঁর নাটক তৈরি করেননি। সবাই সিডনির বাসিন্দা। এর মধ্যে প্রবাসী বাঙালির পাশাপাশি অভিনয় করেছেন অস্ট্রেলিয়ার দুজন। পরিচালনার পাশাপাশি সালমান নিজের নাটকে অভিনয়ও করছেন। সালমান বলেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম একটা কাজে। সেখানে গিয়ে পরিচালক হওয়ার প্রস্তাব পাই। আমারও এ ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। সেটা অস্ট্রেলিয়ায় গিয়ে পূরণ হলো।’ ইটস কমপ্লিকেটেড-এর অভিনয়শিল্পীদের নিয়ে সালমান বললেন, ‘এখানকার কেউই পেশাদার অভিনেতা নন। আমার দুজন বন্ধু অভিনয় করেছেন। আর অডিশন দিয়ে কিছু অভিনয়শিল্পী নিয়েছিলাম।’
নাটকের গল্পটি চার বন্ধুর। এর মধ্যে একটি ছেলে পছন্দমতো মেয়ে না পাওয়ার কারণে সহজে প্রেমে পড়ে না। শেষ অবধি একটা মেয়ের দেখা পায়। তাকে খুঁজতে গিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হয় ছেলেটি। এসব নিয়েই নাটকের গল্প এগিয়ে যায়।
এরই মধ্যে সালমানের বানানো প্রথম নাটকের সম্পাদনার কাজ শেষ। খুব তাড়াতাড়ি একটি টিভি চ্যানেলে এটি প্রচার হবে বলে জানিয়েছেন সালমান মুক্তাদির।