
আজকের টিভি আলোচনায় আমরা চারটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আলোচনা করব। শুরুতেই আলোচনা করব তরুণ তার্কিকদের নিয়ে আয়োজিত এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ‘পাবলিক পার্লামেন্ট’ নিয়ে। ১০ মার্চ বেলা ১১টা ৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে সংসদীয় ধারায় বিতর্ক প্রতিযোগিতা ‘পাবলিক পার্লামেন্ট’। এদিন বিতর্কের বিষয় ছিল, ‘জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই’। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অত্যন্ত সমসাময়িক ও স্পর্শকাতর এ বিষয়টির পক্ষে সরকারি দল হিসেবে বক্তব্য দেন বিজিএমইএ ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। দুই পক্ষের তুমুল বিতর্কের মাধ্যমে বিজয়ী হয় সরকারি দল। বিতর্ক শেষে তরুণ তার্কিকদের বক্তব্যের আলোকে বাণিজ্যমন্ত্রী স্পর্শকাতর এ বিষয়টি নিয়ে প্রাসঙ্গিকভাবে তাঁর দল ও তাঁর সরকারের অবস্থান তুলে ধরেন, যা অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রায় পৌঁছে দেয়। অনুষ্ঠান শেষে এ ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে ফলাফল ঘোষণা করেন। বিতর্ক অনুষ্ঠানটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল, সমসাময়িক ও স্পর্শকাতর বিষয় নির্বাচন এবং তরুণদের মাঝে এমন একজন প্রাজ্ঞ ও অভিজ্ঞ রাজনীতিকের আবির্ভাব।
এবার আমরা আলোচনা করব একটি গানের অনুষ্ঠান। ১৩ মার্চ সকাল ৭টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ে সরাসরি প্রচারিত হলো তাদের নিয়মিত গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। এদিন গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম ও ক্ষুদে গানরাজখ্যাত নবীন শিল্পী স্মরণ। প্রবীণ ও নবীনের সমন্বয় অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দিয়েছিল। রফিকুল আলমের গানের পাশাপাশি শৈশবের ও ’৭১-এর স্মৃতিচারণা ছিল আকর্ষণীয়। রফিকুল আলমের ‘তোমাকে যেন ভুলে না যাই’, ‘মাগো আর তোমাকে’, ‘বৈশাখী মেঘের কাছে’ গানগুলোর পরিবেশনা সরাসরি শুনতে যেমন মজা লাগছিল, তেমনি বয়সের ছাপও বোঝা যাচ্ছিল তাঁর কণ্ঠে।
অন্যদিকে, নবীন শিল্পী স্মরণের গানও ভালো লেগেছে। তার কণ্ঠ মিষ্টি, কিন্তু অনাবশ্যক একটা কম্পন কানে লাগে। মাঝেমধ্যে মনে হয় ইচ্ছাকৃত। আর উপস্থাপনায় রয়েছে কিছুটা কৃত্রিমতা। এটা ঝেড়ে ফেলতে পারলে সে আরও পরিপূর্ণতা ও সফলতা পাবে বলে আশা করা যায়।
১৩ মার্চ রাত ১১টায় একুশে টিভিতে সাবিলা নূরের উপস্থাপনায় সরাসরি প্রচারিত হলো ভালোবাসার গল্প নিয়ে অনুষ্ঠান ‘সিম্পল লাভ স্টোরি’। এবারের অতিথি ছিলেন মেহরিন ও ইনতেখাব দম্পতি। প্রায় দুই দশকের বন্ধন তাঁদের। দুজনের ব্যস্ত জীবনের মাঝেও কীভাবে জড়িয়ে আছে ভালোবাসা, সেটা ভালোভাবেই উঠে এসেছে অনুষ্ঠানে। আবহমান বাঙালি জীবনধারা থেকে তাঁদের দাম্পত্য জীবন যে অনেকটাই দূরে সরে গেছে, তা বোঝা গেল দুজন দুজন সম্পর্কে আলাদা প্রশ্নোত্তর পর্বে। এদিন সাবিলা একাই অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন। তাঁর উপস্থাপনা সাবলীল, কথকতাও বুদ্ধিদীপ্ত, কিন্তু অভিব্যক্তি অনেকটাই কৃত্রিম। এ ব্যাপারে তাঁর সচেতনতা প্রয়োজন।
সবশেষে আমাদের নিয়মিত আলোচনার বিষয় নাটক। ১৩ মার্চ আরটিভিতে প্রচারিত হলো সোমবারের বিশেষ নাটক ফ্যামিলি লাভ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন, কাজল আরেফিন। নাটকটির নাম কেন যে ইংরেজিতে করা হলো, বুঝলাম না। নাটক বাংলা, অথচ নাম ফ্যামিলি লাভ। ‘ফ্যামিলি’ কিংবা ‘লাভ’-এ শব্দের কি বাংলা প্রতিশব্দ নেই!
এবার আসি নাটকের কাহিনি প্রসঙ্গে। নাটকের গল্প মা ও দুই ছেলের ছোট পরিবার। বড় ভাই বিবাহিত, ছোট ভাই প্রেম করে বিয়ে করতে যাচ্ছে, এ নিয়েই গল্পের সূত্রপাত। তারপর বড় ভাবির কূটনীতি, অতঃপর বিয়ে, বধূবরণ-সবই চলছিল স্বাভাবিক, মাঝে হঠাৎ শুরু হলো বড় ভাবির ঈর্ষাবোধ ও দুর্ব্যবহার। ফলে নববধূ ও ছোট ভাই ঘরছাড়া। এরপর সে অবস্থাতেই কল্পনায় তাদের মিলনের দৃশ্য দিয়ে নাটকের পরিসমাপ্তি।
এককথায় বলতে হয়, অত্যন্ত নিম্নমানের গল্প। গল্পের কোনো আগামাথা নেই। গল্পের মাঝে কোনো নাটকীয়তা নেই, যে কারণে নাটকেও কোনো নাটকীয়তা নেই। বড় ভাবির ঈর্ষা ও দুর্ব্যবহার দিয়ে যে নাটকীয়তা আনার চেষ্টা করা হয়েছে, তা হয়েছে অত্যন্ত আরোপিত ও অবিশ্বাস্য। যে কারণে দর্শকের মনে তা বিন্দুমাত্র রেখাপাত করতে পারেনি। এই যদি হয় বিশেষ নাটকের হাল, তাহলে সাধারণ নাটকের অবস্থা কী হবে, সেটাই এখন দর্শকের শঙ্কার বিষয়।