নাটকপাড়ায় বেকারত্ব বাড়ার আশঙ্কা

সংলাপ বলবেন নায়ক-নায়িকা। কিন্তু এ দুজনকে ঘিরে সক্রিয় থাকেন একগুচ্ছ মানুষ। ক্যামেরার মনিটরে কেউ, বুম হাতে কেউ, কেউ লাইট সহকারী, কেউবা ট্রলিতে। একটি শুটিং ইউনিট মানে বহু মানুষের কর্মসংস্থানের জায়গা। কিন্তু করোনায় শুটিং করতে গিয়ে দেখা গেল, বুম ধরার লোক নেই। অভিনয়শিল্পীদের সামনে টুলে ফেলে রাখা হয়েছে মাইক্রোফোন। করোনায় শুটিং ইউনিটের এ রকম অনেক কলাকুশলী কমতে শুরু করেছে।
যাবতীয় শর্ত মেনে ১ জুন থেকে শুরু হয়েছে ছোট পর্দার অনুষ্ঠানের জন্য শুটিং। ঝুঁকি কমাতে নির্মাতারা শুটিং ইউনিটের সদস্যসংখ্যা কমিয়ে আনছেন। অনেক নির্মাতা প্রয়োজনের তুলনায় এক–তৃতীয়াংশ শিল্পী এবং কলাকুশলী নিয়ে কাজ শুরু করছেন। এতে নাট্যাঙ্গনে বেকারত্ব বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শুটিং শুরু হওয়া চারটি ইউনিটে খবর নিয়ে জানা গেছে, কেউ একজন ক্যামেরা সহকারী নিয়ে কাজ শুরু করেছেন। সেটে নেই মেকআপম্যান বা ট্রলিচালক, প্রয়োজন না হলে প্রধান চরিত্রের বাইরে তেমন কোনো শিল্পীকে ডাকাও হচ্ছে না সেখানে। এমনকি ইউনিটে নেই কোনো বয়স্ক শিল্পী। কমে যাচ্ছে পরিচালকের সহকারীর সংখ্যাও। একটি নাটকে যেখানে ৩০ জনের বেশি কলাকুশলী নিয়ে কাজ হতো, সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে ৯ থেকে ১০।
একই অবস্থা বিজ্ঞাপনের ক্ষেত্রেও। বিজ্ঞাপন নির্মাতা আদনান আল-রাজীব বলেন, ‘আগে আমাদের শুটিং ইউনিটে লোক থাকত ৮০ থেকে ১০০ জন। সেই সংখ্যা এখন ঠেকবে ২০ থেকে ২৫। লোকসংখ্যা কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে আগামী সপ্তাহে শুটিংয়ে নামার পরিকল্পনা আছে। কারণ, এক বছরের মধ্যে করোনার ভ্যাকসিন আসবে না। সতর্কতার সঙ্গে আমাদের কাজ করে যেতে হবে।’
করোনার পর গল্পে আসছে পরিবর্তন। নিরাপত্তার কথা মাথায় রেখে অল্প শিল্পী নিয়ে কীভাবে শুটিং করা যায়, সেই চেষ্টা করছেন সবাই। এতে দুই থেকে তিনজন অভিনয়শিল্পী দিয়েই নাটক তৈরি করছেন নির্মাতারা। উত্তরায় প্রিয় প্রতিবেশী নামের একটি ধারাবাহিকের সেট থেকে নির্মাতা আবু হায়াত বলেন, ‘আমাদের টিমে শিল্পী থেকে শুরু করে মোট সদস্য ১০ জন। কম্বাইন্ড দৃশ্য রাখিনি। গ্যাদারিং করে ঝুঁকি নিয়ে শুটিং করতে চাই না।’
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম বলেন, ‘শিল্পীদের বেকারত্ব নিয়ে চিন্তিত। সবাই ছোট টিম নিয়ে কাজ করছেন। প্রচুর শিল্পী বেকার হয়ে যাবেন। যাঁরা কাজ পাচ্ছেন না, তাঁরা একদমই পাবেন না। নির্দিষ্ট কিছু শিল্পীর ওপর চাপ পড়বে। কিন্তু এটা করা নির্মাতাদের উচিত হবে না।’
ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আমি নিজেও কম্প্রোমাইজ করে শুটিং করি না। শিল্পী, কলাকুশলী, নাট্যকারদের মতো নির্মাতাদেরও কিছুটা অনিশ্চয়তা দেখা দেবে।’
বেকারত্বের ঝুঁকিতে আছেন মেকআপশিল্পীরা। অনেক তারকা নিজেই বাসা থেকে মেকআপ নিয়ে আসছেন। মেকআপম্যান সমিতির সভাপতি বাবুল জানান, ‘ইউনিটে মেকআপম্যান, মেকআপ সহকারী রাখা হচ্ছে না। আমাদের দুর্ভাগ্য।’
পরিস্থিতি নিয়ে নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ বলেন, ‘বেকারত্ব নিয়ে আমরা মহাসংকটে পড়ে গেলাম। এখন সরকারের সহযোগিতা ছাড়া কোনো কূলকিনারা দেখতে পাচ্ছি না।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, করোনায় গল্প বলার ধরন বদলাতে হবে। কেবল ঘরকেন্দ্রিক গল্পের নাটক থেকে দর্শক মুখ ফিরিয়ে নিতে পারে। বেকারত্বের পাশাপাশি এ–ও এক নতুন সংকট।