নাটকে পাঁচ র্যাম্প-কন্যা

ওঁরা পাঁচ কন্যা। ইমি, রুমা, হিরা, মৌ ও তামান্না। সবার পরিচিতি র্যাম্প মডেল হিসেবে। র্যাম্পের বাইরে তাঁদের দু-একজনকে অভিনয়েও দেখা গেছে মাঝেমধ্যে আলাদাভাবে। কিন্তু ধারাবাহিক নাটকে তাঁদের একসঙ্গে দেখা যাবে এবারই প্রথম। নাটকের নাম লাইফ ইন এ মেট্রো। রুদ্র মাহফুজের লেখা নাটকটি পরিচালনা করছেন বি ইউ শুভ।
মডেল ইমি বলেন, ‘আমরা সবাই একসঙ্গে র্যাম্পে কাজ করি। এবার একসঙ্গে নাটকে অভিনয় করতে যাচ্ছি। আমাদের জন্য এ এক অন্য রকম অভিজ্ঞতা।’
হিরারও অভিনয়ের অভিজ্ঞতা আছে। কিন্তু একসঙ্গে এক নাটকে কাজ করাটা একটা ঘটনাই। হিরা বললেন, ‘আমরা প্রায়ই একসঙ্গে র্যাম্পে হাঁটি। নাটকেও একসঙ্গে কাজ করব। আমাদের জন্য তা সহজ হবে। অনেক মজার হবে।’
তবে মডেল তামান্নার জন্য কাজটি ভিন্ন। এবারই প্রথম নাটকে অভিনয় করছেন তিনি। তামান্না বলেন, ‘অভিনয় করা সহজ না। প্রথম অভিনয় করতে যাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা থাকবে কাজটি ভালোভাবে করার।’
নাটকটির পরিচালক বি ইউ শুভ বলেন, ‘নাটকটির গল্পের প্রয়োজনে র্যাম্প মডেলদের নেওয়া হয়েছে। তাঁদের সবাইকে শহরের উচ্চবিত্ত পরিবারের মেয়ে হিসেবে দেখানো হবে। নাটকে চরিত্রগুলোর জন্য যে পোশাক, তা র্যাম্পের মেয়েদের সঙ্গেই বেশি মানায়।’ শুভ জানান, ২০ মার্চ ধারাবাহিকটির শুটিং শুরু হওয়ার কথা।