নাটকে শিশুদের একাকিত্ব

শিশুদের নিয়ে গল্প সচরাচর নির্মাতারা পর্দায় তুলে ধরেন না। তবে বিশেষ বিশেষ উপলক্ষে গান, সিনেমা, নাটকে কালেভদ্রে উঠে আসে শিশুরা। এই যেমন সম্প্রতি তৈরি হলো তুতুলের পুতুল নামের একটি নাটক। নাটক, সিনেমা, গানে যেমন শিশুরা একটু আড়ালে পড়ে থাকে, এই নাটকে অনেকটা সেই চিত্রই তুলে ধরা হয়েছে। গল্পে বলা হয়েছে তুতুল নামের এক শিশুর একাকিত্বের কথা। নাগরিক জীবনের ব্যস্ততার কারণে শিশুদের একা হয়ে পড়াকেই নাটকের মূল বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে।
তুতুলের পুতুল নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এ জাবির রাসেল। নাটকে তুতুলের বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ও বাঁধন। আর তুতুল চরিত্রে দেখা যাবে শিশুশিল্পী জাকারিয়া রাহিকে। একাকিত্বের কারণে তুতুলের মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ার গল্প দেখানো হবে এই নাটকে। নাটকটিতে অভিনয় করা নিয়ে বাঁধন বললেন, ‘বর্তমান সময়ে আমাদের চাহিদা বেড়েছে। বেড়েছে জীবনযাপনের ব্যয়। এ কারণে একটি পরিবারে মা-বাবা দুজনকেই কাজ করতে হয়। সে সময় তাঁদের সন্তানটি বাসায় টেলিভিশন দেখে, কম্পিউটারে গেমস খেলে কিংবা একা একা পুতুলের সঙ্গে কথা বলেই বড় হচ্ছে। এসব কিন্তু একটা শিশুর মানসিক অবস্থায় প্রভাব ফেলে। এ বিষয়ে সচেতন করতেই নাটকটি তৈরি।’
পরিচালক জানালেন, নাটকটির দৃশ্য ধারণ হয়েছে ঢাকার উত্তরায়। খুব শিগগির এটি প্রচারিত হবে। এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত।