নাটকে 'খোঁজ দ্য ফেস' বিজয়ী

ঈদকে সামনে রেখে তৈরি হচ্ছে এয়ারটেল নিবেদিত ছয় পর্বের ঈদ ধারাবাহিক অস্থির পারভেজ। এতে নাম–ভূমিকায় অভিনয় করছেন ইরেশ যাকের। তবে এটাই কিন্তু নাটকের একমাত্র আকর্ষণ নয়। এতে থাকছে আরও কিছু মজার চমক। এই যেমন নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এক নতুন অভিনেতাকে। তাঁর নাম আলভী। এয়ারটেল আয়োজিত একটি ফেসবুক কনটেস্টের মাধ্যমে বাছাই করা হয়েছে তাঁকে। অস্থির পারভেজ দিয়েই শুরু হচ্ছে আলভীর অভিনয়জীবন। আলভীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় সাড়ে চার হাজার অংশগ্রহণকারীর মধ্য থেকে বাছাই করে নাটকের জন্য চূড়ান্ত করা হয়েছে তাঁকে। ফেসবুকের এই কনটেস্টের নাম ছিল ‘খোঁজ দ্য ফেস-৩’। কনটেস্টের বিচারক ছিলেন
নির্মাতা রেদওয়ান রনি, অভিনেত্রী সাফা কবির, অভিনেতা তৌসিফ মাহবুব।
এয়ারটেল নিবেদিত অস্থির পারভেজ প্রচারিত হবে এটিএন বাংলায়। এতে আরও অভিনয় করছেন আবুল হায়াত, সাবেরি আলম, মিশু সাব্বির, সোনিয়া হোসাইন প্রমুখ। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করছেন আর বি প্রিতম।