নাটকেও দুই বোন

বড় বোন ইশানার অভিনয়জীবন একটু দীর্ঘ, আর ছোট বোন ইয়ারা সবে পা রেখেছেন এই জগতে। কাজের ক্ষেত্র এত দিন এক হলেও ক্যামেরার সামনে আগে কখনো একসঙ্গে দাঁড়াননি। এবার এল সেই সুযোগ। দুই বোন একসঙ্গে অভিনয় করছেন একটি নাটকে। বাস্তব জীবনের সম্পর্ক নিয়েই, অর্থাৎ দুই বোন হিসেবেই ক্যামেরার সামনে হাজির হচ্ছেন তাঁরা।
ছোট্ট স্বর্গ নামে এক ঘণ্টার নাটকে ইশানা ও ইয়ারা দূরসম্পর্কের দুই বোন। ইশানা থাকেন গ্রামে আর ইয়ারা শহুরে মেয়ে। ইশানা বলেন, ‘সংলাপ দেওয়ার সময় মনেই হচ্ছে না যে আমরা দুজন অভিনয় করছি। ও খুব ভালো করছে।’
লাক্স তারকা ইশানা সেই সুন্দরী প্রতিযোগিতা শেষ হওয়ার পর থেকেই অভিনয়ে নিয়মিত। হুট করেই অভিনয়ে আসা ইয়ারার। ইয়ারা বললেন, ‘দুই বোন একসঙ্গে কাজ করার সুবিধা হলো, এতে অভিনয়টা অনেক সহজ মনে হয়।’
ছোট্ট স্বর্গ নাটকের কাহিনি ও সংলাপ লিখেছেন খলিলুর রহমান। পরিচালনা করছেন ভি সি দাস শিবু।