নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে র্যাম্প শো

একে একে মঞ্চে এলেন র্যাম্পের সব মডেল। টি-আকৃতির মঞ্চে হাঁটলেনও তাঁরা। এই আয়োজন দেখে মনে হতে পারে আদতে এটি কোনো র্যাম্প শো। নামীদামি ব্রান্ডের পোশাকের প্রদর্শনীর জন্যই এই আয়োজন। কিন্তু আদতে এটি একটি নাটকের উদ্বোধনী প্রদর্শনী। আর এ উদ্বোধনী উপলক্ষেই ভিন্নধর্মী এই আয়োজন করা হয়েছিল এফডিসিতে। নাটকের নাম ‘লাইফ ইন আ মেট্রো’। প্রতিদিনের ধারাবাহিক নাটক হিসেবে এটি প্রচারিত হবে এটিএন বাংলায়।
বি ইউ শুভর পরিচালনায় এই ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন র্যাম্পের নামীদামি সব মডেল। নাটকের অভিনয় করলে কী হবে, অভিনয়শিল্পীরা যেন তাঁদের পুরোনো সেই ‘মডেল’ পরিচয়টাকেই আবার তুলে ধরলেন উদ্বোধনীর প্রদর্শনীর মঞ্চে।
এফডিসির আট নম্বর ফ্লোরে (এটিএন বাংলা স্টুডিও) নাটকটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছিল। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটকের পরিচালক, শিল্পী এবং কলাকুশলীরা।
প্রতিদিনের এই ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমাসহ আরও অনেকে।
প্রিমিয়ার শো উপলক্ষে এই অনুষ্ঠানে ফ্যাশন শো ও গানে পারফর্ম করেন নাটকের অভিনয়শিল্পীরা। তানভীর-নেহা, নীরব-নাজিরা মৌ’-এর পারফরম্যান্স ছাড়াও ছিল র্যাম্প মডেল ইমি, হীরা, রুমাসহ অন্যদের ক্যাটওয়াক।
পরিচালক জানিয়েছেন, ‘লাইফ ইন এ মেট্রো’ আধুনিক ঢাকার বেশ কিছু তরুণের গল্প, যাঁরা কখনো মেধাবী, কর্মদক্ষ, সৃজনশীল, প্রেমিক আবার কখনো বা উচ্ছৃঙ্খল, পরিবারের জন্য দুঃস্বপ্ন, বেকার ও মাদকাসক্ত। এসব তরুণের অদ্ভুত মিল হলো তাঁরা একে অপরের বন্ধু। তাঁদের জীবনের নানা ধরনের ঘটনা নিয়েই এগিয়ে চলে গল্প।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রতিদিনের এই ধারাবাহিক নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে।