নাটকের গল্পটি দারুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘উত্তরের বারান্দায় দখিনের হাওয়া’ নাটকের দৃশ্য মিথিলা ও অপূর্ব
‘উত্তরের বারান্দায় দখিনের হাওয়া’ নাটকের দৃশ্য মিথিলা ও অপূর্ব

‘নাটকের পুরো গল্পটি মনে নেই, কিন্তু এইটুকু মনে আছে, গল্পটি দারুণ,’ বলছিলেন অভিনেতা অপূর্ব। আজ এনটিভিতে রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে অপূর্ব অভিনীত একক নাটক ‘উত্তরের বারান্দায় দখিনের হাওয়া’। প্রসূন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সানি চৌধুরী। অপূর্ব ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন মিথিলা, শাহানা সুমী, মৃন্ময় চক্রবর্তী প্রমুখ।
নাটকটি নিয়ে কথা বলছিলেন অপূর্ব। বলেন, ‘প্রায় বছর দুয়েক আগে নাটকটির শুটিং করেছিলাম। এ কারণেই গল্পটি ভুলে গেছি। কিন্তু শুটিংয়ের সময় চিত্রনাট্যসহ সবই ভালো লেগেছে।’
এই মুহূর্তে বেশ কয়েকটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন এ অভিনেতা। করছেন একক নাটকও। তবে তার চেয়েও বেশি ব্যস্ত সদ্য শুরু করা নিজের ব্যবসা নিয়ে। কী ধরনের ব্যবসা শুরু করলেন, জানতে চাইলে বলেন, ‘সবে শুরু করলাম, এখনই বিস্তারিত বলতে চাই না। খুব তাড়াতাড়ি জানাব।’ উল্লেখ্য, এর আগে বনানীতে একটি রেস্তোরাঁ চালু করেছিলেন অপূর্ব।