নাটকের জন্য গাইলেন মম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মম
মম

‘মা-বাবা ছোটবেলা থেকে আমাকে নাচ, গান, আবৃত্তি, অভিনয়, ছবি আঁকা—সবই শিখিয়েছেন। অভিনয়টাই এখন নিয়মিত করা হয়। বিশেষ দিবসের নানা অনুষ্ঠানে অবশ্য নাচও করি। আবৃত্তি, ছবি আঁকা ও গান একেবারেই করা হয় না। এবারই প্রথম একটি পূর্ণাঙ্গ গান করলাম। সেটাও আবার অনেক শ্রোতাপ্রিয় একটি গান।’ কথাগুলো বললেন অভিনয়শিল্পী জাকিয়া বারী মম।
সৈয়দ আবদুল হাদী ও সামিনা চৌধুরীর গাওয়া জন্ম থেকে জ্বলছি ছবির ‘একবার যদি কেউ ভালোবাসত’ গানটি নতুন করে গেয়েছেন মম ও তাহসান। ঈদুল ফিতরের জন্য নির্মিত শিহাব শাহীনের রূপকথা এখন আর হয় না নাটকে শোনা যাবে গানটি। গতকাল বুধবার রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে আমজাদ হোসেনের লেখা এ গানে মমর কণ্ঠ ধারণ করা হয়। সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে মম বলেন, ‘এ গানটি বাংলা সিনেমার কয়েকটি কালজয়ী গানের একটি। রোমান্টিক এই গান কমবেশি সবারই জানা। তাই এ গানটি গাওয়া আমার কাছে ছিল অনেক বেশি চ্যালেঞ্জের। পরিচালকই চাইছিলেন, আমি যেন গানটি গাই। তাঁর চাওয়াটাকে সম্মান জানিয়ে রাজি হয়েছি। চেষ্টা করেছি ঠিকঠাক করে গাওয়ার। বাকিটা শ্রোতাদের প্রতিক্রিয়া থেকে জানব।’
বেশ কিছুদিন আগে ভালোবাসার চতুষ্কোণ নাটকের একটি গানে অপূর্বর সঙ্গে দুটি লাইন গেয়েছিলেন বলে জানান মম।