নাটকের নাম 'মোরগ পোলাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোরগ পোলাও নাটকে রিচি সোলায়মান ও আজাদ আবুল কালাম
মোরগ পোলাও নাটকে রিচি সোলায়মান ও আজাদ আবুল কালাম

‘এই সময়ে নাটক বানানো একটু কঠিন। সব মিলিয়ে পরিবেশটা অনুকূল নয়। তাই বানানোর সাহস পাই না।’ বললেন অভিনেতা আজাদ আবুল কালাম। সম্প্রতি তিনি নির্মাণ করলেন নতুন নাটক মোরগ পোলাও। পরিচালক হিসেবে এটি তাঁর দ্বিতীয় নাটক। মোরগ পোলাও-এর প্রসঙ্গ ছাপিয়ে যখন আলাপ এসে থামে ‘কেন নিয়মিত পরিচালনায় দেখা যায় না আপনাকে?’ তখন এই উত্তরটা দিলেন তিনি।
মোরগ পোলাও নির্মাণের পাশাপাশি নাটকটির রচয়িতা ও অভিনেতাও তিনি। সঙ্গে অভিনয় করেছেন রিচি সোলায়মান ও শিশুশিল্পী রওনক।
নাটকটি নিয়ে আজাদ আবুল কালাম বললেন, ‘আমরা শুটিং করেছি নারায়ণগঞ্জের ফতুল্লার কাছাকাছি একটা জায়গা জালকুড়িতে। এ ছাড়া বাস, সরকারি অফিস, মগবাজারের একটি রেস্তোরাঁর মতো বেশ কিছু জায়গায়। কাজটি দেখলেই বোঝা যাবে পরিশ্রম করে নির্মাণ করা হয়েছে।’
নাটকটি প্রচারিত হবে গাজী টিভিতে ‘আঞ্চলিক ড্রামা ফেস্ট’ শীর্ষক ঈদ অনুষ্ঠানমালায়। সাত অঞ্চলের সাতটি ভাষার নাটক নিয়ে আয়োজন করা হয়েছে এই ফেস্ট। এর মধ্যে ঢাকাইয়া ভাষায় নির্মিত হয়েছে মোরগ পোলাও। চট্টগ্রামের ভাষা নিয়ে ইমরাউল রাফাতের নির্দেশনায় নাটক গুষ্টি গুষ্টি কিলা কিলা। নোয়াখালী অঞ্চলের ভাষা নিয়ে নরেশ ভুইঞা নির্মাণ করছেন হ্যাতেনে ইগান কিয়া কয়। বরিশালের ভাষা নিয়ে নাটক ইকবাল মামু। এটির পরিচালক শহীদ ঊন নবী। আমিরুল ইসলাম পরিচালনা করবেন পাবনার ভাষার নাটক রাজা, বাদশা, নবাব। গৌতম কৈরি নির্মাণ করবেন খুলনার আঞ্চলিক ভাষা নিয়ে নাটক একদা একজন। এ ছাড়া সিলেট অঞ্চলের ভাষার একটি নাটকও নির্মিত হবে।