ছাদের ওপর 'কানামাছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার ১১ নম্বর সেক্টরের একটা বাড়ি। সাততলা। শুটিং চলছে দোতলায়। এমন তথ্য নিয়ে রাত আটটার পরে যখন দোতলায় পা রাখা হলো, তখন সেখানে কিছুই নেই। না কোনো তারকা, না পরিচালক। যত্রতত্র ছড়িয়ে আছে কয়েকটা লাইট, ককশিট ও অগোছালো বৈদ্যুতিক তার। দাঁড়িয়ে থাকা একজনকে জিজ্ঞেস করতেই বললেন, কানামাছি তো ছাদের ওপর!


ছয়তলা পর্যন্ত লিফট আর বাকিটা সিঁড়ি পেরিয়ে যাওয়া হলো ছাদের ওপর। কিন্তু সেখানেও শুটিং নেই। সাপের মতো প্যাঁচানো সিঁড়ি গলে আরও একধাপ উঠতে হলো শুটিং দেখতে। ছাদের ওপর ছোট ছাদ বললে ভুল হবে না। সেখানেই রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন অভিনয়শিল্পী মিশু সাব্বির ও শবনম ফারিয়া। পরিচালক অ্যাকশন বলতেই শুরু হলো দুজনের সংলাপ। খোলা আকাশের নিচে এলোমেলো বাতাসে সে সংলাপ ছড়িয়ে গেল চারদিকে।
নাটকের নাম ‘কানামাছি’। রচনা ও পরিচালনা হিমেল আশরাফের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকার আশপাশের এলাকায় শুটিং শেষ করে এখন চলছে উত্তরায়। শবনম, মিশু সাব্বিরের সঙ্গে আছেন তৌসিফ মাহবুব ও নোভা।

হিমেল আশরাফ বললেন, ‘বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের বন্ধুত্ব ও প্রেম নিয়ে গল্প। তবে এর মধ্যে উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সবই।’
‘কানামাছি’ নির্মিত হচ্ছে ঈদের জন্য।