নাটকের শুটিংয়ে একদল লাঠিয়াল

গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা চলছে, এরই মধ্যে চলছে নাটকের শুটিং। কারণ লাঠিখেলাটা নাটকের গল্পেরই একটা অংশ। তাই তো তারকাশিল্পীদের পাশাপাশি একদল লাঠিয়ালও অংশ নিলেন আমি সুচিত্রা নই নাটকের শুটিংয়ে। গত সপ্তাহে কিশোরগঞ্জের সরারচর ও বাজিতপুর এলাকায় হলো নাটকটির শুটিং। নাটকটিতে অভিনয় করেছেন আমিন খান, মৌটুসি বিশ্বাস, রামিজ রাজু, এস এম মহসীন ও জাহিদুর রহমান এবং সরারচর গ্রামের শিশির লাঠিয়াল বাহিনীর সদস্যরা।
দীপান্বিতা রায়ের গল্পে আমি সুচিত্রা নই নাটকটির চিত্রনাট্য করেছেন মাহমুদ দিদার এবং পরিচালনা করেছেন সত্যজিৎ রায়।
পরিচালক নাটকে লাঠিখেলার ব্যবহার প্রসঙ্গে বলেন, ‘গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলা প্রায় হারিয়ে যেতে বসেছে। তরুণ প্রজন্মের কাছে এই ঐতিহ্যবাহী খেলাটা পরিচিত করতেই নাটকে ব্যবহার করা হয়েছে। আমাদের গল্পে এর প্রয়োজন ছিল। খেলা দেখতে এসে আমাদের গল্পের নায়িকা ও দুই নায়কের দেখা হবে।’
নাটকটির গল্পে মৌটুসি বিশ্বাসকে বেশ কয়েকটি দৃশ্য অভিনয় করতে হয়েছে বাংলা চলচ্চিত্র ইতিহাসের মহানায়িকা সুচিত্রা সেনের সাজে। এ নিয়ে রোমাঞ্চিত এ অভিনেত্রী বললেন, ‘তাঁর মতো এত বড় মাপের অভিনেত্রীর সাজে অভিনয় করাটাও আনন্দের। আমরা আগে থেকেই সুচিত্রা সেনের মতো রূপসজ্জার বিষয়ে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এ কারণে কাজটা সহজ হয়েছে।’
আসছে ঈদে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক।