নাটকের শুটিংয়ে জেসিয়া

>
- ‘ব্যাচেলর ডটকম’ নামে একটি ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছেন জেসিয়া।
- জেসিয়া বললেন, ‘আমার অভিনয় ভালো লাগে। আমি অভিনয় শিখতে চাই।’
গত বছর সেপ্টেম্বরের শেষ দিকে ‘মিস বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার পর জেসিয়া ঘোষণা দিয়েছিলেন, তিনি চলচ্চিত্রে অভিনয় করবেন। এবার ক্যামেরার সামনে দাঁড়ালেন বটে ‘মিস বাংলাদেশ’, তবে নাটকের জন্য। গতকাল মঙ্গলবার ঢাকার লোকেশনে ‘ব্যাচেলর ডটকম’ নামে একটি ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নাটকে জেসিয়ার চরিত্রের নাম মৌমিতা।
জেসিয়া বলেন, ‘আমার অভিনয় ভালো লাগে। তা ছাড়া আমি অভিনয় শিখতে চাই। মৌমিতা চরিত্রটি ভালো লাগার কারণেই কাজটি করতে রাজি হয়ে গেলাম।’
নাটকে নিয়মিত অভিনয় করবেন? জবাবে এই বাংলাদেশ সুন্দরী বললেন, ‘সব কাজ করব না। একটু বেছে বেছে করব। এর মধ্যে “প্রতিচ্ছবি” নামে একটি টেলিছবিতে কাজ করছি।’
‘ব্যাচেলর ডটকম’ ধারাবাহিকটি প্রতি শনি, রবি ও সোমবার একুশে টেলিভিশনে প্রচারিত হয়। এরই মধ্যে ধারাবাহিকটির ৩৯টি পর্ব প্রচারিত হয়েছে। এর পরিচালক ইফতেখার শুভ জানান, ১১ ফেব্রুয়ারি ৪১ তম পর্ব থেকে জেসিয়াকে দেখা যাবে।
নাটকটিতে আরও অভিনয় করছেন কচি খন্দকার, তৌসিফ মাহবুব, জোভান, নাদিয়া নদী, নিলয়, সিদ্দিক প্রমুখ।