নাটকের শুটিংয়ে সচল হলো এফডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফডিসিতে সিনেমা হল নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন (বাঁ থেকে) মোশাররফ করিম, সিদ্দিক মাস্টার ও ফারুক আহমেদ
এফডিসিতে সিনেমা হল নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন (বাঁ থেকে) মোশাররফ করিম, সিদ্দিক মাস্টার ও ফারুক আহমেদ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রধান ফটক হাট করে খোলা। সবে একটা গাড়ি বের হলো। নিরাপত্তারক্ষী মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন। বোঝা গেল, ঈদের আমেজ এখনো কাটেনি। সেটি আরও পরিষ্কার হলো ভেতরে গিয়ে। শুটিং ফ্লোরগুলোর বেশির ভাগই তালাবদ্ধ। তিন নম্বর ফ্লোরে পুরোনো সেট সরিয়ে নেওয়ার কাজ চলছে। সরাতে সরাতে এক শ্রমিক বললেন, ‘কাইল (আজ মঙ্গলবার) কী জানি হইব।’

তিন ও চার নম্বর ফ্লোর পেরিয়ে সামনে এগোতেই আমতলা। যথারীতি সহকারী শিল্পীদের আনাগোনা সেখানে। কান পাততেই বোঝা গেল, ঈদ উদ্‌যাপনের গল্প তাঁদের আলোচনার বিষয়। পাশেই ক্যানটিন। গত রোববার পর্যন্ত এখানে চলেছে ধোয়ামোছার কাজ। গতকাল খুলেছে। যথারীতি চা-শিঙাড়ায় সরব ক্যানটিন।

পরিচালক সমিতির অফিসে বেশ কজন পরিচালক। নতুন সিনেমা নিয়ে কথা বলছিলেন নির্মাতা জাকির হোসেন রাজু। পাশে শিল্পী সমিতির অফিস খোলা হলেও গতকাল বিকেল পর্যন্ত আসেননি কোনো শিল্পী। কর্মীরা কাটিয়েছেন অলস সময়। শিল্পী সমিতির সামনের ছোট্ট বাগানে চলছিল নাটকের শুটিং। কচি খন্দকার শুটিং করছিলেন তাঁর নতুন ধারাবাহিক সিনেমা হল-এর। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ বলছিলেন অভিনেতা মোশাররফ করিম, ফারুক আহমেদ ও সিদ্দিক মাস্টার। 

শট দিয়ে এসে মোশাররফ করিম বললেন, ‘একটা ঈদের নাটকের কাজ বাকি থাকার কারণে ঈদের এক দিন পরেই শুটিং শুরু করতে হয়েছে। তাই ঈদের ছুটি কাটানোর সুযোগ পাইনি। এখন আবার ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। বিশ্রামের কোনো সুযোগই পাচ্ছি না।’ অবশ্য মোশাররফ করিম ছুটি না পেলেও অভিনেতা ফারুক আহমেদ ঈদের পর গতকালই ক্যামেরার সামনে দাঁড়ালেন।

নাটকের শুটিং এফডিসিতে করা প্রসঙ্গে কচি খন্দকার বললেন, ‘এফডিসির একটি ভবনকে সিনেমা হল বানিয়ে শুটিং করতে হচ্ছে। কারণ, ঈদের সময় সিনেমা হলগুলোর সামনে বেশ ভিড়। এ কারণেই এখানে করা। গল্পের জন্য একটা সিনেমা হল খুব জরুরি ছিল।’

তবে ঈদের ছুটির ফাঁকে এফডিসির বেশকিছু যন্ত্রপাতি গোছানোর কাজ চলছিল। ট্রলি, লাইটের যন্ত্রাংশ নিয়ে কয়েকজন কর্মী বসেছিলেন এফডিসির কড়ইতলায়। তবে শুটিং শুরু না হলেও এফডিসির কর্মকর্তারা অফিস করছেন পুরোদমে।

নাটক দিয়ে এফডিসিতে ক্যামেরা চালু হলেও আজ মহরত হবে নতুন একটি সিনেমার। ভালো থেকো সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু।