নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোত্সব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিংশ শতাব্দীর দৃশ্য
ত্রিংশ শতাব্দীর দৃশ্য

আগামীকাল সেলিম আল দীনের সপ্তম প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে নাট্য সংগঠন স্বপ্নদলের আয়োজনে গতকাল সোমবার থেকে তিন দিনের ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোত্সব’ শুরু হয়েছে। এবারের উত্সবের স্লোগান—‘বাঙলা নাট্যরীতির বিজয় কেতন, অমানিশাকালে স্বর্ণাভ চেতন, নাট্যাচার্য সেলিম আল দীন’।
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর মঞ্চায়িত হয় স্বপ্নদলের আলোচিত প্রযোজনা ত্রিংশ শতাব্দী।
আজ বেলা সাড়ে তিনটায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে থাকছে সেলিম আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শনবিষয়ক আলোচনা ও ‘নাট্যাচার্য সেলিম আল দীন: নবীন সংবাদকর্মীর দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার।
স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানান, আগামীকাল সকাল আটটায় নাট্যকর্মীরা জাতীয় নাট্যশালা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা করবেন। সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলাভবন থেকে সেলিম আল দীনের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রাসহ পুষ্পাঞ্জলি দেওয়া হবে। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে থাকবে স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা স্পার্টাকাস-এর বিশেষ মঞ্চায়ন। উত্সবের সমাপনী বক্তব্য দেবেন নাট্যজন সৈয়দ জামিল আহমেদ।