নাবিলার ইচ্ছাপূরণ

নাবিলাকে সবাই উপস্হাপিকা হিসেবেই চেনেন। অনুরোধে তাঁকে নাটকে অভিনয় করতেও দেখা গেছে। মনে মনে তাঁর ইচ্ছা ছিল চলচ্চিত্রে অভিনয় করার। প্রথম আলোর সঙ্গে আলাপে একসময় সেই ইচ্ছার কথা জানিয়েছিলেন নাবিলা। তাঁর ইচ্ছা পূরণ হয়েছে। কাজ করছেন চলচ্চিত্রে। আয়নাবাজি নামে তাঁর অভিনীত ছবির কাজ প্রায় শেষের দিকে। নাবিলা বললেন, ‘একটি সুন্দর ছবিতে অভিনয় করার ইচ্ছা আমার অনেক দিনের। আমি তা পেয়ে গেছি বলতে পারেন। কিছুদিন কাজ করলেই শুটিং শেষ হয়ে যাবে। শুনেছি, এই মাসের ২৬ তারিখের মধ্যে ক্যামেরাও ক্লোজড হবে।’
ছবিটি নাকি নাবিলার প্রত্যাশা পূরণ করেছে। তিনি বললেন, ‘মনে মনে যে ধরনের ছবিতে অভিনয়ের স্বপ্ন দেখতাম, আয়নাবাজি ঠিক তাই। গল্পটা তো অসাধারণ।’
আয়নাবাজি ছবিটির পরিচালক অমিতাভ রেজা। এই ছবিতে নাবিলার চরিত্রের নাম হৃদি। শুটিংয়ের পর নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে নাবিলা বললেন, ‘এখন কিন্তু ভালোই লাগছে। ছবিটিতে কাজ করার পর চলচ্চিত্রের প্রতি একরকম আকর্ষণ আর আগ্রহ জন্মেছে। যদি ভালো গল্প আর ভালো নির্মাতা হয়, তা হলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করতে আপত্তি নেই। আয়নাবাজি ছবিতে কাজ করে ছবির প্রতিই একটা ভালো লাগা তৈরি হয়েছে। আত্মবিশ্বাস বেড়েছে। সিনেমা যে বড় একটা ক্যানভাস, তা-ও কিছুটা বুঝতে শিখেছি।’