নাম নেই ঔপন্যাসিকের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইএসপি—একটি রহস্য গল্প ছবির দৃশ্য ঋতুপর্ণা
ইএসপি—একটি রহস্য গল্প ছবির দৃশ্য ঋতুপর্ণা

২১ আগস্ট ভারতীয় একটি বাংলা টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে শেখর দাশ নির্মিত চলচ্চিত্র ইএসপি—একটি রহস্য গল্প। এতে অভিনয় করেছেন ঋতুপর্ণা, রাইমা সেন, সাহেব চ্যাটার্জি প্রমুখ। চলচ্চিত্রটির গল্পকার হিসেবে নাম দেখানো হয়েছে শিবাশিষ রায়ের। এটি প্রচারের পর থেকেই বাংলাদেশের হুমায়ূন আহমেদের ভক্তরা এবং তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের অভিযোগ, চলচ্চিত্রটির পুরো গল্প হুমায়ূন আহমেদের উপন্যাস দেবী থেকে নেওয়া হলেও চলচ্চিত্রটির কোথাও তাঁর নাম উল্লেখ করা হয়নি।
শাওন বলেন, ‘দেবী উপন্যাসের পাঠকেরা সহজেই বুঝতে পারবেন বিষয়টি। উপন্যাসটির পুরো গল্পই দেখানো হয়েছে চলচ্চিত্রে। চিত্রনাট্যে ব্যবহৃত সংলাপগুলোও দেবী থেকে নেওয়া। চলচ্চিত্রটির সঙ্গে উপন্যাসের ৯৫ ভাগেরও বেশি মিলে গেছে। কিন্তু হুমায়ূন আহমেদের নাম কেন দেওয়া হলো না, বুঝলাম না। এমনকি তারা কোনো অনুমতিও নেয়নি।’
সিনেমাটির চরিত্র বিন্যাসে দেখা গেছে ‘দেবী’ রানু চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা, ‘আনিস’ চরিত্রে সাহেব চ্যাটার্জি, ‘নীলু’ চরিত্রে রাইমা সেন। তবে ‘মিসির আলী’ চরিত্রটিকে দেখানো হয়েছে একজন অধ্যাপক হিসেবে। এ ছাড়া ‘নীলু’ চরিত্রটি উপন্যাসে বাড়িওয়ালার মেয়ে হিসেবে থাকলেও এই ছবিতে দেখানো হয়েছে পেয়িং গেস্ট হিসেবে।
এর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেবেন—জানতে চাইলে শাওন বলেন, ‘পরিচালক শেখর দাশ আগেও কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি কেন এ ধরনের অন্যায় কাজ করলেন, বুঝলাম না। আমি আগামীকাল (আজ মঙ্গলবার) একজন উকিলের সঙ্গে বসব। আর পরশু কলকাতা বইমেলায় অংশ নিতে যাচ্ছি। সেখানে গিয়ে আমি ওই দেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনের কাছে এই অন্যায়ের বিচার চাইব। আশা করছি এর একটা সমাধান হবে। তা না হলে সবার সঙ্গে বসে পরামর্শ নিয়েই একটা সিদ্ধান্ত নেব।’