নাম সংশোধনের অনুরোধ জানাল এফটিপিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার সংসদে পাস হওয়া ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল ২০২১’ বিলটির নাম সংশোধনের অনুরোধ জানিয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। বিলের নামে ‘টেলিভিশন শিল্পী’ শব্দটিও অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছে তারা।

বিলটি পাসের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনুসহ সব সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ছোট পর্দার ১৪ সংগঠনের সমন্বয়ে গড়া মোর্চা এফটিপিও। তাদের নেতারা বলছেন, এই বিলে শিল্পীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তবে সরকারের কাছে আইনটি কিঞ্চিৎ সংশোধনের অনুরোধ জানিয়েছেন তাঁরা। বিলটিকে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর পরিবর্তে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পী কল্যাণ ট্রাস্ট’ করার আহ্বান জানিয়েছেন তাঁরা। গেজেটে চলচ্চিত্রের অভিনয়শিল্পী থেকে শুরু করে সংশ্লিষ্ট সব কলাকুশলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। টেলিভিশনের ক্ষেত্রেও সেটি করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এফটিপিওর সভাপতি মামুনুর রশীদ বলেন, ‘হলিউড, বলিউড বা ইউরোপের বিভিন্ন দেশেও অভিন্ন শিল্পী সংঘ রয়েছে। আমরাও প্রত্যাশা করি, আমাদের দেশে এ আইনও হবে অভিন্ন। সেটা হতে পারে “বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পী কল্যাণ ট্রাস্ট”। টেলিভিশনের সঙ্গে সংশ্লিষ্ট সব কলাকুশলীকে স্বীকৃতি দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও বিবেচনার প্রতি আমাদের প্রগাঢ় আস্থা রয়েছে। আশা করি, বিষয়টি তিনি বিবেচনা করবেন।’

সংগঠনটির মহাসচিব সালাহউদ্দিন লাভলু জানান, টেলিভিশন শিল্প এখন চলচ্চিত্রের চেয়ে কয়েক গুণ বিস্তৃত হয়েছে। এ শিল্পে লগ্নিও বেড়েছে বিপুল পরিমাণ। টেলিভিশনের বিপুলসংখ্যক কলাকুশলী চলচ্চিত্রশিল্পে কাজ করে চলচ্চিত্রকেও সমৃদ্ধ করছেন। প্রতিবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় সেটা প্রতিফলিত হচ্ছে। তিনি বলেন, নাটকের সঙ্গে হাজার হাজার শিল্পী, নাট্যকার, পরিচালক, চিত্রগ্রাহক, সম্পাদক, রূপসজ্জাকর, লাইটম্যান, ব্যবস্থাপক ও সহকারী রয়েছেন। গেজেটে চলচ্চিত্রের মতো এই মাধ্যমের স্বীকৃতিও প্রয়োজন। কারণ, এই মাধ্যমের কলাকুশলীদের জীবন ও ভবিষ্যৎ কখনো কখনো সংকটাপন্ন হতে পারে।