নামহীন এক মানুষের গল্প 'নামানুষ'

নামহীন এক মানুষের গল্প লিখেছেন আহসান হাবীব। নাম ‘নামানুষ’। এই গল্প থেকে চিত্রনাট্য লিখেছেন নাজনীন হাসান চুমকি। একটি টেলিছবি বানিয়েছেন তিনি। নাম ‘মানুষ’। দুরন্ত টিভিতে আজ শুক্রবার রাত ১০টায় এবং আগামীকাল শনিবার বেলা ৩টায় প্রচারিত হবে টেলিছবিটি।
রাইজুল ইসলাম আর তার একমাত্র ছেলেকে নিয়ে সংসার। বাবা ব্যাংকে চাকরি করে আর ছেলে সারা দিন ঘরে তার মতো সময় কাটায়। মা নেই। নতুন জায়গায় বদলি হয়ে আসায় ছেলেটা যেন আরও একা হয়ে যায়। তার খেলার একমাত্র সঙ্গী ফুটবল। কিন্তু ছেলেটার সময় যেন আর কাটতেই চায় না।
একদিন ফাঁকা বাড়িতে সেই ছেলেকে আবিষ্কার করে ওই পাড়ার কয়েকটি কিশোর। প্রথমে সবাই ভাবে, ওই বাড়িতে ভূতের বাস শুরু হয়েছে। কিন্তু পরে আসাদ নামের এলাকার একটি ছেলে রাইজুল ইসলামের সঙ্গে দেখা করে। জানা যায়, বাবার বদলির চাকরি, তাই ছেলেটিকে কখনো কোনো স্কুলে ভর্তি করা হয়নি। এবার আসাদ ছেলেটিকে স্কুলে ভর্তি করার জন্য উদ্যোগ নেয়।
স্কুলে ভর্তির আবেদনপত্র পূরণ করতে গিয়ে জানা যায়, ছেলেটির কোনো নাম নেই। অবাক প্রধান শিক্ষক বললেন, ‘নামানুষ!’
‘নামানুষ’ টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, নাজনীন হাসান চুমকি, অশোক ব্যাপারী, পৌষাল চৌধুরী, বিস্ময় সরকার মুগ্ধ, সুদীপ্ত শরণ সিকদার, ফারাবী শাফাত খান, সামিন শারার, জাহিন রহমান, অবনি, জুলফিকার চঞ্চল, এজাজ বারি, শেখ মাহবুবুর রহমান, মামুন চৌধুরী ও সায়রাজ মেহেদী।