নায়ক সম্রাটের পরিচালনায় মডেল তানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানিয়া
তানিয়া

অভিনয়ের শুরুতে নায়করাজ রাজ্জাকের ছেলে সম্রাটকে দর্শকেরা চিত্রনায়ক হিসেবে দেখেছেন। ইদানীং তিনি টিভি নাটকেও কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি সম্রাট পরিচালকও। অন্যদিকে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ খ্যাত তানিয়া বৃষ্টি টিভি নাটক আর চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত। মাঝেমধ্যে তাঁকে বিজ্ঞাপনচিত্রেও দেখা যায়। এবারই প্রথম তাঁরা দুজন একসঙ্গে কাজ করলেন, একসঙ্গে দুটি নাটকে।

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটক দুটির শুটিং হয়। সম্রাটের পরিচালনায় নাটক দুটি হচ্ছে ‘রেড ফ্রাইডে’ ও ‘পোকায় খাওয়া কুড়ি’।


শুক্রবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে তানিয়া বলেন, ‘আমার চেষ্টা ছিল, নাটক দুটিতে আমার অংশের কাজগুলো ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলা। এর মধ্যে একটি হরর গল্প। সব মিলিয়ে কেমন করেছি দর্শকেরা বলতে পারবেন। তবে আমি কাজ করে মুগ্ধ।’

পরিচালনার পাশাপাশি নাটক দুটিতে অভিনয়ও করেছেন সম্রাট। পরিচালক ও সহশিল্পী—দুভাবেই সম্রাটকে ভালো লেগেছে বলেও জানান তানিয়া।