নায়ক হলেন বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফিন শুভ
আরিফিন শুভ

বাংলা চলচ্চিত্রের এ সময়ের আলোচিত নায়ক আরিফিন শুভ। একটা সময়ে রেডিওতে কথাবন্ধুর কাজ করতেন। গানের অনুষ্ঠান উপস্থাপনা করার পাশাপাশি গান গাওয়ার অভিজ্ঞতা তাঁর আছে। ছবির গানেও কণ্ঠ দিয়েছেন। এবার গানের অনুষ্ঠানের বিচারক হচ্ছেন তিনি। চ্যানেল আই আয়োজিত ছোটদের গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ক্ষুদে গানরাজ’-এর একটি পর্বে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে আরিফিন শুভকে।
‘ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানের যে পর্বে শুভকে দেখা যাবে তার শুটিং হবে আগামী ২ আগস্ট, বিএফডিসিতে। শুটিংয়ে শুভ ছাড়াও উপস্থিত থাকবেন অনুষ্ঠানের প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এসআই টুটুল। বিশেষ পর্বটি প্রচারিত হবে আগস্টের প্রথম সপ্তাহে।
আরিফিন শুভ বললেন, ‘এটি আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। গান আমি খুব ভালোবাসি। ছোট ছোট বাচ্চারাও আমার খুব পছন্দের। ‘‘ক্ষুদে গানরাজ’’ অনুষ্ঠানটি যেহেতু খুদে বাচ্চাদের নিয়ে তাই তাদের সঙ্গে অনুষ্ঠানের ফাঁকে আড্ডা দেওয়ার সুযোগটা মিস করতে চাইনি। বিচারক হিসেবে নয়, বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতো কিছুটা সময় পার করতে চাই। প্রথমবারের মতো বিচারক হচ্ছি। তাও আবার ছোটদের অনুষ্ঠানে। তাই আলাদা টেনশন আছে। মনে হয়, সবাই অনুষ্ঠানটি উপভোগ করবেন।’
‘ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শুক্র ও মঙ্গলবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচার করছে চ্যানেল আই।
‘ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানের পরিচালক ইজাজ খান স্বপন বললেন, ‘আমরা প্রতিযোগীদের কাছে জানতে চেয়েছিলাম তারা কার ছবি দেখে। তাঁকে অতিথি বিচারক হিসেবে নিয়ে আসা হবে বলেও জানানো হয়। সবাই একবাক্যে আরিফিন শুভর নামটা বলে। তারপর আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করি। তিনিও আমাদের এই প্রস্তাব সানন্দে গ্রহণ করেন। একটি পর্বে বিচারক হিসেবে আরিফিন শুভকে পেয়ে ভালো লাগছে। আশা করছি, পর্বটি খুব মজার হবে।’
এদিকে ঈদুল ফিতরের আগের দিন শুভ তাঁর নতুন ছবি ‘মুসাফির’-এর কাজ শেষ করেছেন। জানালেন, এখন ছবিটির সম্পাদনার কাজ চলছে।