নায়ক হলেন বিচারক

বাংলা চলচ্চিত্রের এ সময়ের আলোচিত নায়ক আরিফিন শুভ। একটা সময়ে রেডিওতে কথাবন্ধুর কাজ করতেন। গানের অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি গান গাওয়ার অভিজ্ঞতাও তাঁর আছে। এবার গানের অনুষ্ঠানের বিচারক হচ্ছেন তিনি। চ্যানেল আই আয়োজিত ছোটদের গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ক্ষুদে গানরাজ’-এর একটি পর্বে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে আরিফিন শুভকে।
‘ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানের যে পর্বে শুভকে দেখা যাবে, তার শুটিং হবে আগামী ২ আগস্ট, বিএফডিসিতে। শুটিংয়ে শুভ ছাড়াও উপস্থিত থাকবেন অনুষ্ঠানের প্রধান দুই বিচারক ফেরদৌস আরা এবং এস আই টুটুল। বিশেষ পর্বটি প্রচারিত হবে আগস্টের প্রথম সপ্তাহে।
আরিফিন শুভ বললেন, ‘এটি আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। গান আমি খুব ভালোবাসি। “ক্ষুদে গানরাজ” অনুষ্ঠানটি যেহেতু খুদে বাচ্চাদের নিয়ে, তাই তাদের সঙ্গে অনুষ্ঠানের ফাঁকে আড্ডা দেওয়ার সুযোগটা মিস করতে চাইনি।’ ‘ক্ষুদে গানরাজ’ প্রতি শুক্র ও মঙ্গলবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচার করছে চ্যানেল আই।